চলে গেলেন ফোর্তালেজার জ্ঞানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস আরাগোনেস: ১৯৩৮—২০১৪
লুইস আরাগোনেস: ১৯৩৮—২০১৪

অসাধারণ এক ফুটবলমস্তিষ্ক আর নিজের ভেতরে জমিয়ে রাখা যাবতীয় ফুটবলজ্ঞান নিয়ে কাল চলে গেলেন তিনি। ‘ফোর্তালেজার জ্ঞানী’ লুইস আরাগোনেসের মস্তিষ্ক থেকে বেরোবে না নতুন কোনো কৌশল। এমন একজনের জন্য ৭৫ কি খুব বেশি বয়স?
অ্যাটলেটিকোর দুর্দান্ত স্ট্রাইকার, ওই ক্লাবেরই কিংবদন্তি কোচ, কয়েক প্রজন্মের স্প্যানিশ ফুটবলারদের গুরু—এমন অনেক পরিচয় তাঁর। তবে সব ছাপিয়ে ফুটবল-বিশ্বে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ২০০৮ সালে স্পেনকে ইউরো জেতানো কোচ হিসেবে। বড় প্রতিযোগিতায় স্পেনের ৪৪ বছরের শিরোপা-খরাই শুধু ঘোচাননি, বিশ্বকে উপহার দিয়েছিলেন টিকি-টাকার মতো নতুন এক ধারা। যে টিকি-টাকার জোরে বিশ্ব ফুটবলে স্পেন এখনো অন্যতম প্রধান পরাশক্তি।
সাবেক গুরুকে হারিয়ে শোকাহত স্পেনের ফুটবলাররা। বার্সেলোনা মিডফিল্ডার সেস্ক ফ্যাব্রিগাসকে বেদনাহত করেছে আরাগোনেসের মৃত্যু, ‘আমার জীবনে এবং ক্যারিয়ারে বিশাল অবদান রেখেছেন এমন একজনকে আজ হারালাম। শান্তিতে থাকুন গুরু, ধন্যবাদ আপনাকে!’ টুইটারে শোকবার্তা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ মিডফিল্ডার জাবি আলোনসো, ‘একজন কিংবদন্তি চলে গেলেন আমাদের ছেড়ে। আজ একটা দুঃখের দিন।’
শুধু স্পেন জাতীয় দল নয়, খেলোয়াড় ও কোচ হিসেবে অ্যাটলেটিকোতেও ঈর্ষণীয় সাফল্য পেয়েছিলেন আরাগোনেস। খেলোয়াড় হিসেবে লা লিগা জিতেছেন তিনবার, কোচ হিসেবে একবার। এর বাইরে আছে কোপা ডেল রে, সুপারকোপা এসপানার শিরোপাও। তাঁর মৃত্যুর খবরে তাই ক্লাবের ওয়েবসাইটে এক শোকবার্তায় অ্যাটলেটিকো সভাপতি এনরিকে সিরেজো বলেছেন, ‘তিনি ছিলেন অ্যাটলেটিকোর মানুষ। একজন দারুণ খেলোয়াড়, অসাধারণ কোচ। সবচেয়ে বড় কথা, একজন দারুণ মানুষ ও বন্ধু। ক্লাবের পক্ষ থেকে আমি তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ এএফপি।