চলে গেলেন বদরুল হুদা চৌধুরী
দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তারও আগে থেকেই বেছে নিয়েছিলেন নিভৃতচারী জীবন। তবে সেই নিভৃতচারিতা ছেড়ে এবার এমন এক জায়গায় পাড়ি দিলেন, যেখানে চাইলেও কেউ আর তাঁকে বিরক্ত করতে পারবে না। না-ফেরার দেশে চলে গেলেন বাংলা ক্রিকেট সাহিত্যের অন্যতম কান্ডারি বদরুল হুদা চৌধুরী। গতকাল সকাল সাতটায় চট্টগ্রামের ফিরিঙ্গিবাজারে নিজের বাসায় দীর্ঘ রোগভোগের পর শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। প্রথিতযশা এই ক্রীড়ালেখকের জন্ম ১৯৩০ সালের ৯ সেপ্টেম্বর, চট্টগ্রামের মিরসরাইতে। ষাটের দশকের মাঝামাঝি থেকে তিনি ক্রীড়াবিষয়ক লেখালেখি শুরু করেন। এ দেশে ক্রিকেট সাহিত্যকে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে বড় ভূমিকা রেখেছেন তিনি। একসময়ের ‘সচিত্র সন্ধানী’ পত্রিকায় ‘কলমে ক্রিকেট খেলছি’ শিরোনামে তাঁর লেখাগুলো ছিল দারুণ জনপ্রিয়। এ ছাড়া তবু ক্রিকেট ভালবাসি, দুটি ব্যাট, একটি বল, রূপে রসে ক্রিকেট নামে তিনটি বই লিখেছেন, ছিলেন টেলিভিশন ও বেতারের ধারাভাষ্যকার। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আন্তরিক শোক এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা।