চলে গেলেন বেলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিল্ডেরাল্ডো লুইজ বেলিনি
হিল্ডেরাল্ডো লুইজ বেলিনি

মাস তিনেক পরেই ঘরের মাঠে বিশ্বকাপ। আফসোস, হিল্ডেরাল্ডো লুইজ বেলিনি সেটা দেখে যেতে পারলেন না। পরশু ৮৩ বছর বয়সে পরলোকে পাড়ি জমিয়েছেন ব্রাজিলের ১৯৫৮ অর্থাৎ প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক।
অনেক দিন ধরেই যুঝছিলেন আলঝেইমারের সঙ্গে। চার দিন আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় ভর্তি হন সাও পাওলোর এক হাসপাতালে। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৫৮ সালে ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন বেলিনি। সুইডেন থেকে সেবার পেলে, ভাভা, দিদিদের দল ট্রফি নিয়েই বাড়ি ফেরে। আক্ষরিক অর্থেই তাই বিশ্বকাপজয়ী কাফু, ডুঙ্গাদের পথটা দেখিয়ে গিয়েছেন বেলিনি। আরও একটা কারণে ইতিহাস মনে রাখবে এই ডিফেন্ডারকে। ব্রাজিলের ফুটবল ইতিহাসবিদ জুকা কুফোরি জানিয়েছেন, বেলিনিই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার রীতিটা শুরু করেছিলেন। যেটি এখন উদ্যাপনের অনুষঙ্গ।
দেশের হয়ে ৫১টি ম্যাচ খেলেছেন, ছিলেন ১৯৬২ বিশ্বকাপজয়ী দলের সদস্যও। ক্লাব ফুটবল খেলেছেন ভাস্কো ডা গামা ও সাও পাওলোর হয়ে। তাঁর মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন। এএফপি।