চলে গেলেন ভিলানোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র ৪৫ বছর বয়সেই মারা গেলেন টিটো ভিলানোভা। ছবি: রয়টার্স
মাত্র ৪৫ বছর বয়সেই মারা গেলেন টিটো ভিলানোভা। ছবি: রয়টার্স

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। মাঠের ব্যর্থতা আর মাঠের বাইরের নানা বিতর্কে জড়িয়ে টালমাটালই হয়ে আছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবটি। এরই মধ্যে বেদনাদায়ক এক দুঃসংবাদও সঙ্গী হলো কাতালানদের। দীর্ঘদিন গলার ক্যান্সারে ভুগে মারা গেছেন সাবেক কোচ টিটো ভিলানোভা। মাত্র ৪৫ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন এই স্প্যানিশ কোচ।
২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সেলোনার সবচেয়ে সাফল্যমণ্ডিত সময়ে পেপ গার্দিওলার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভিলানোভা। এ সময় তিনটি লা লিগা ও দুইটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের সাক্ষী হয়েছিলেন। ২০১২ সালে গার্দিওলা বিদায় নেওয়ার পর ভিলানোভাই নিয়েছিলেন প্রধান কোচের দায়িত্ব। তাঁর তত্ত্বাবধানে ২০১২-১৩ মৌসুমেও বার্সা শিরোপা জিতেছিল রেকর্ড গড়ে। প্রথম ১৯টি ম্যাচের মধ্যে জয় পেয়েছিল ১৮টিতেই। শেষপর্যন্ত বার্সেলোনা মৌসুম শেষ করেছিল ১০০ পয়েন্ট নিয়ে। এই মৌসুমের মাঝামাঝি সময়েই দ্বিতীয়বারের মতো ক্যান্সারের চিকিত্সা শুরু করেছিলেন ভিলানোভা।
ঘাতক ব্যাধির সঙ্গে লড়াই করে যে কোচের দায়িত্ব ঠিকমতো পালন করা যাবে না, সেটা বুঝতে পেরে ২০১২-১৩ মৌসুম শেষেই সরে দাঁড়িয়েছিলেন ভিলানোভা। কিন্তু সেই লড়াইটাও তিনি চালাতে পারলেন না খুব বেশিদিন। বার্সেলোনার ডাগআউটে দাঁড়িয়ে ইউরোপের শীর্ষ অনেক দলকে হারাতে পারলেও শেষপর্যন্ত নিজে হেরে গেলেন ক্যান্সারের কাছে।— রয়টার্স