চলে গেলেন মালেক চুন্নু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
chunnu
chunnu

‘চীনের বিপক্ষে ওর দারুণ একটা পেনাল্টি কর্নার গোল আজও চোখে লেগে আছে। সেটি ছিল ঢাকায় পঁচাশির এশিয়া কাপে। খুবই দ্রুতগতির এক খেলোয়াড় ছিল সে। ’যাঁকে নিয়ে মেজর (অব.) শাহাবুদ্দিন চাকলাদারের এই স্তুতি, সেই মালেক চুন্নু আর নেই। কাল সকালে ৫৫ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন জাতীয় হকি দলের সাবেক এই অধিনায়ক। হার মেনেছেন ডায়াবেটিস আর কিডনি রোগের কাছে।জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহাবুদ্দিন চাকলাদার বলছিলেন, রাইট আউট থেকে মালেক চুন্নুর মতো দারুণ সব ক্রস আর কেউ করতে পারতেন না। সে সময়ের পাকিস্তান দলের দ্রুতগতির খেলোয়াড় কলিমুল্লাকে অনুসরণ করতেন চুন্নু। অন্য অনেকের মতো যিনি বাংলাদেশের হকির সূতিকাগার আরমানিটোলা থেকে উঠে এসেছিলেন দেশের শীর্ষ পর্যায়ে।জীবনের প্রথম ভাগে ঢাকা প্রথম বিভাগ ফুটবলে খেলেছেন আজাদের হয়ে। এটা বাদ দিলে হকিময় এক জীবন। আবাহনী-মোহামেডানে খেলেছেন। খেলা ছেড়ে ধাপে ধাপে জাতীয় দলের কোচও হয়েছিলেন। তিন ছেলের মধ্যে এক ছেলেকে তুলে এনেছেন দেশের শীর্ষ হকিতে (জাতীয় দলের বর্তমান খেলোয়াড় সাজ্জাদ জন)।পরিশ্রমী, আত্মনিবেদিত, এই খেলোয়াড় ’৮২ এশিয়া দিল্লি এশিয়াডে জাতীয় দলের অধিনায়ক ছিলেন। খেলেছেন তার আগে-পরে আরও দুটি এশিয়ান গেমসে। আশির দশকে এশিয়া কাপ খেলেছেন গোটা তিনেক। খেলোয়াড়ি জীবনের বিশাল এই অবদানের জন্য ২০০৪ সালে পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার।এমন একজন খেলোয়াড়ের মরদেহ হকি স্টেডিয়ামে আনা হয়নি! হকি ফেডারেশন একটি শোকবার্তা দিয়েই দায়িত্ব শেষ করেছে। যদিও আজিমপুর কবরস্থানে দাফনের আগে আরমানিটোলায় অনুষ্ঠিত জানাজায় ছিলেন হকিসহ ক্রীড়াঙ্গনের অনেকেই।

মালেক চুন্নুর মৃত্যুতে ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক সমিতি শোক জানিয়েছে। শোকবার্তা দিয়ে প্রয়াত মালেক চুন্নুর আত্মার শান্তি কামনা করেছে ক্রীড়া লেখক সমিতি ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।