চলে গেলেন ম্যারাডোনার বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ডন ডিয়েগোর সঙ্গে ম্যারাডোনা l ফাইল ছবি
বাবা ডন ডিয়েগোর সঙ্গে ম্যারাডোনা l ফাইল ছবি

ডন ডিয়েগো—এই নামের শেষাংশ থেকেই হয়তো একটা সম্পর্কসূত্র আবিষ্কার করে ফেলেছেন আপনারা। হ্যাঁ, ডিয়েগো ম্যারাডোনার বাবাই ডন ডিয়েগো। যত দিন পর্যন্ত চলৎশক্তি ছিল, বোকা জুনিয়র্সের ম্যাচ দেখতে মাঠে আসতেন। একটা ছবি হয়তো এখনো মনে গেঁথে আছে দর্শকদের—গ্যালারির রেলিংয়ে হাত ঝুলিয়ে ম্যাচ দেখছেন ডন ডিয়েগো। গায়ে গা ঠেকিয়ে পেছনে দাঁড়িয়ে ম্যারাডোনা। ছবিতে ম্যারাডোনার পাশের সেই মানুষটা আর নেই। গত বৃহস্পতিবার ৮৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন ডিয়েগো সিনিয়র।
হৃদ্রোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনেক আগে থেকেই। এর আগে দুবার হাসপাতালে ভর্তি হয়ে ছেড়ে যেতে পেরেছিলেন সুস্থ হয়ে, এবার আর পারলেন না। সর্বশেষ গত বছর ভর্তি হয়েছিলেন বুয়েনস এইরেসের এক ক্লিনিকে। সেখানেই চিকিৎসা চলছিল এত দিন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২ জুন দুবাই থেকে বুয়েনস এইরেসে ফিরে যান ম্যারাডোনা। পরশু এক বিবৃতিতে ম্যারাডোনাই নিশ্চিত করেছেন বাবার মৃত্যুর খবর, ‘দুর্ভাগ্য, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। শান্তিতেই গেছেন তিনি। মৃত্যুকালে সব ছেলেমেয়েকেই পাশে পেয়েছেন। নিয়ে গেছেন আমাদের সবার ভালোবাসা ও শ্রদ্ধা।’ ২০১১ সালে মারা যান ম্যারাডোনার মা ডোনা তোতা। কিন্তু মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি আর্জেন্টাইন এই ফুটবল কিংবদন্তি। বলেও থাকেন যে এটি তাঁর সারা জীবনের দুঃখ। তবে এবার ম্যারাডোনার কাছে এই সান্ত্বনাটা থাকল যে বাবাকে শেষ দেখাটা দেখতে পারলেন!
উনিশ শ পঞ্চাশের দশকে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় প্রদেশ করিয়েন্তেস থেকে এসে কারখানার শ্রমিক ডন ডিয়েগো ঠিকানা গেড়েছিলেন বুয়েনস এইরেসের শহরতলি ভিলা ফিওরিতোতে। ম্যারাডোনাই ছিলেন তাঁর প্রথম পুত্রসন্তান। শুরুর দিনগুলোয় সংসারে সচ্ছলতা ছিল না। ফুটবল খেলায় তখন টাকা ছিল না বলে ম্যারাডোনাকে ফুটবলে দিতে প্রথমে রাজি ছিলেন না ডন ডিয়েগো। কিন্তু ওই ছোট বয়সেই ম্যারাডোনা নজর কাড়েন আর্জেন্টিনোস জুনিয়র্স দলের স্কাউট ফ্রান্সিস কর্নেজোর। তিনিই ডন ডিয়েগোকে বুঝিয়ে ম্যারাডোনাকে ফুটবলে দিতে রাজি করান। সেই ছেলে এমনই জগদ্বিখ্যাত ফুটবলার হয়ে উঠলেন যে বাবা হিসেবেও ফুটবল বিশ্ব চেনে তাঁকে। তাঁর মৃত্যু শিরোনাম হয় তাবৎ দুনিয়ার সংবাদমাধ্যমের! এএফপি, রয়টার্স।