চলে গেলেন রন গাউন্ট
আন্তর্জাতিক ক্যারিয়ার বলার মতো এমন কিছু নয়। বরং অনেক বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি মার্ভ হিউজের তরুণ বয়সের বোলিং কোচ হিসেবে। সাবেক ফাস্ট বোলার রন গাউন্ট ৭৮ বছর বয়সে কাল পৃথিবীর মায়া কাটালেন সিডনিতে। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন তিনি ভিন্ন তিনটি সিরিজে।টেস্ট উইকেট মাত্র ৭টি, তবে অভিষেকটা ছিল স্মরণীয়। ১৯৫৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টের ঠিক আগে উড়ে এসেছিলেন চোট পাওয়া ইয়ান মেকিফের বদলি হিসেবে। টেস্টে নিজের প্রথম ওভারেই আউট করেছিলেন দক্ষিণ আফ্রিকান ওপেনার ডিক ওয়েস্টকটকে। আউট করেছিলেন আরেক ওপেনার জ্যাকি ম্যাকগ্লুকেও। তার পরও আবার টেস্ট খেলার সুযোগ আসে তিন বছর পর। ১৯৬১ অ্যাশেজে ওভালে ৩ উইকেট নেওয়ার পর আবারও বাদ। আরও তিন বছর পর তৃতীয় টেস্ট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২ উইকেট নেওয়ার পর আবারও বাদ শেষবারের মতো। প্রথম শ্রেণীর ক্যারিয়ার অবশ্য যথেষ্টই সমৃদ্ধ, ৮৫ ম্যাচে পেয়েছেন ২৬৬ উইকেট। ওয়েবসাইট।