চলে গেলেন শেখ সালাহউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত সাবেক ক্রিকেটার শেখ সালাহউদ্দিনের স্মরণে নীরবতা পালন করলেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে শুরুর আগে কাল মিরপুরে  প্রথম আলো
প্রয়াত সাবেক ক্রিকেটার শেখ সালাহউদ্দিনের স্মরণে নীরবতা পালন করলেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। প্রথম ওয়ানডে শুরুর আগে কাল মিরপুরে প্রথম আলো

বয়স হয়েছিল মাত্র ৪৪ বছর। আর এখানেই কিনা থেমে গেল জীবনের ইনিংস! গতকাল ভোরে খুলনার নিজ বাসভবনে ঘুমের মধ্যেই হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিরনিদ্রার দেশে পাড়ি জমিয়েছেন শেখ সালাহউদ্দিন।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলে প্রথম বিশেষজ্ঞ অফ স্পিনার বলা যায় তাঁকে। আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ১৯৯৭ সালের জুলাইতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। অভিষেক ম্যাচে ৫০ রানে নেন ১ উইকেট। ওই এশিয়া কাপের তিন ম্যাচে তাঁর বোলিং একেবারে হইচই ফেলে না দিলেও সেই সময়ের বিবেচনায় সেটিকে যথেষ্টই ভালো বলতে হবে। সে বছরেরই অক্টোবরে কেনিয়ায় খেলেছেন তিন জাতি প্রেসিডেন্টস কাপ ক্রিকেট। মোট ছয়টি ওয়ানডে খেলে ৪ উইকেট। নির্বাচকেরা ফিটনেসের ধুয়া না তুললে আরও দীর্ঘ হতে পারত তাঁর ক্যারিয়ার।
জাতীয় দল, প্রথম শ্রেণীর ক্রিকেট, ক্লাব ক্রিকেট—তিন জায়গাতেই সালাউদ্দিনের সতীর্থ ছিলেন হাবিবুল বাশার। কাল প্রয়াত সতীর্থের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়লেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ও বর্তমানে নির্বাচক, ‘ব্রাদার্সে তাঁর সঙ্গে তিন বছর খেলেছি। ক্লাবের আড্ডার প্রাণ ছিলেন সালাউদ্দিন ভাই। অসাধারণ গানের গলা ছিল তাঁর, রসিকও ছিলেন খুব। ক্লাবে সারাক্ষণই মাতিয়ে রাখতেন আমাদের।’

শেখ সালাহউদ্দিন
শেখ সালাহউদ্দিন

খুলনার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন খুলনার কোচ হিসেবে। কাল বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে শুরুর আগে প্রয়াত সালাহউদ্দিনের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ দলের ক্রিকেটাররা ম্যাচটি খেলেছেন বাহুতে কালো ফিতা বেঁধে। এ ছাড়া সালাহউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি, ক্রিকেটারদের সংগঠন কোয়াব, সিসিডিএম ও বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন, বিএসজেএ ও ক্রীড়া লেখক সমিতি।