চলে গেলেন হ্যাভেলাঞ্জ

ফিফাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে তাঁর অবদান অনেক। নিজের দেশের জন্যও কম করেননি, রিও ডি জেনিরোর অলিম্পিকের আয়োজক হওয়ার পেছনে দূতিয়ালির ভূমিকা রেখেছেন। সেই রিওতে যখন অলিম্পিক চলছে, ঠিক এমন সময় বিদায় নিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। রিওর একটি হাসপাতালেই কাল ঠিক ১০০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ফিফার এই সাবেক সভাপতি।
ফিফার ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সভাপতি ছিলেন জুলে রিমে। তাঁর পর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ বছর এই দায়িত্বে ছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। তাঁর সময়েই ফিফা আর্থিকভাবে শক্তিশালী হয়। ফুটবল বিশ্বকাপে ৩২ দলের সংস্করণও বাস্তবায়িত হয়েছে হ্যাভেলাঞ্জের সময়েই। ১৯৬৩ থেকে ২০১১ পর্যন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যও ছিলেন হ্যাভেলাঞ্জ।
১৯৭৪ থেকে ১৯৯৮ পর্যন্ত ফিফা-প্রধানের চেয়ারে ছিলেন হ্যাভেলাঞ্জ। তাঁর রেখে যাওয়া জুতায় পা গলান সেপ ব্ল্যাটার। ব্ল্যাটার-যুগের শেষ প্রান্তে ফুটবলে ঘুষ-দুর্নীতি কেলেঙ্কারির অন্ধকার এক অধ্যায় বেরিয়ে আসে। হ্যাভেলাঞ্জও তা থেকে বাঁচতে পারেননি। তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছিল। এখন তো জাগতিক এসব ব্যাপারের ঊর্ধ্বেই চলে গেলেন একসময়ের প্রভাবশালী মানুষটি। ১৯৮২ সালে যিনি পাইওনিয়ার লিগ উদ্বোধন করতে ঢাকায় এসেছিলেন। এএফপি।