চলে গেলেন ‘ডলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম দক্ষিণ আফ্রিকায়। ক্রিকেটে হাতেখড়িও সেখানে। কিন্তু এমন এক সময়ে জন্মেছিলেন, যেখানে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে কেউ শ্বেতাঙ্গ না হলে তাঁকে হতে হতো ব্রাত্য। বর্ণবাদের বিষবাষ্পে আক্রান্ত ছিল তখন খেলার পৃথিবী। শেষ পর্যন্ত যে দক্ষিণ আফ্রিকা সেই বর্ণবাদের শিকড় উপড়ে ফেলতে পেরেছিল, তার পেছনে অন্যতম কারণ ছিলেন বাসিল ডি’অলিভেইরা। ক্রিকেট ইতিহাসের বড় বাঁক বদলের এই সাক্ষী কাল চলে গেলেন জীবননদীর ওপারে। ৮০ বছর বয়সে মারা গেছেন এই সাবেক অলরাউন্ডার।ভালো ক্রিকেটার হওয়ার পরও স্রেফ অশ্বেতাঙ্গ হওয়ার অপরাধে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পাচ্ছিলেন না। শেষে ওই সময়ের খ্যাতিমান রেডিও ভাষ্যকার জন আরলটের পরামর্শে চলে যান ইংল্যান্ডে। একসময় উস্টারশায়ার দলে নাম লেখান। ভালো পারফরম্যান্স শেষ পর্যন্ত টেস্ট খেলার স্বপ্ন পূরণ করে দেয়। না, দক্ষিণ আফ্রিকার হয়ে নয়; ১৯৬৬ সালে ‘ডলি’ নামে পরিচিত ডি’অলিভেইরার অভিষেক হয়েছিল ইংল্যান্ডের হয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।সমস্যা দেখা দেয় ১৯৬৮ সালে। সেবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলের হয়েই মাতৃভূমির বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়ে দেয়, প্রতিপক্ষ দলে ডি’অলিভেইরার উপস্থিতি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় ওই সফর। এ ঘটনারই পরিণতি আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার নির্বাসন। ১৯৭০ সালে আইসিসি নিষিদ্ধ করেছিল দক্ষিণ আফ্রিকাকে। দীর্ঘ ২১ বছর পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরে দক্ষিণ আফ্রিকা। তবে তত দিনে ক্যারিয়ার শেষ হয়ে গেছে ডি’অলিভেইরার।পুরো ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়েই খেলেছেন। ৪৪ টেস্টের ক্যারিয়ারে ৪০.০৬ গড়ে ২৪৮৪ রান করেছেন। ৫টি সেঞ্চুরির পাশে আছে ১৫ ফিফটিও। এর মধ্যে তাঁর সবচেয়ে আলোচিত ইনিংসটি ছিল ১৯৬৮ সালের অ্যাশেজের শেষ টেস্টে। ক্যারিয়ার সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলে রোমাঞ্চকর এক জয় এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। সিরিজেও ফিরেছিল সমতা। টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসে নিয়েছেন ৪৭ উইকেট। খেলেছেন ৪টি ওয়ানডেও।নিজের দ্বিতীয় স্বদেশ ইংল্যান্ডেই মারা গেলেন শেষ পর্যন্ত। আর ডি’অলিভেইরার মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো ক্রিকেট-বিশ্ব। দক্ষিণ আফ্রিকার হয়ে না খেলেও দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম নায়ক হয়ে যাওয়া এই মানুষটির প্রতি অশেষ শ্রদ্ধা জানিয়েছে তাঁর জন্মভূমি। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার শতাব্দীর সেরা ১০ ক্রিকেটারের একজন নির্বাচিত হওয়া ডি’অলিভিয়েরার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা। বলেছেন, দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট ধরতে না পারলেও ডি’অলিভেইরাকে আজীবন শ্রদ্ধার চোখে দেখবে দেশটির ক্রিকেট ইতিহাস। মাজোলা শ্রদ্ধা জানিয়েছেন রেডিও ভাষ্যকার আরলটের প্রতিও।উস্টারশায়ারের হয়ে দীর্ঘ সময় খেলার পর দলটির কোচও হয়েছিলেন। আর সে সময় তাঁর সতীর্থ ও অন্যতম বন্ধু ছিলেন টম গ্রাভেনি। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে পাথর গ্রাভেনিও, ‘আমার জন্য এটা ভয়াবহ একটা সংবাদ। কারণ বাসিল ছিল আমার সবচেয়ে কাছের বন্ধুদের একজন।’ বলেছেন, ডি’অলিভেইরার স্মৃতি চিরভাস্বর থাকবে তাঁর হূদয়ে।ক্রিকেট ইতিহাস বদলে দেওয়া এই নায়ককে নিয়ে ঠিক কথাই তো বলেছেন গ্রাভেনি! ওয়েবসাইট।