চলে গেলেন 'মোহামেডানের তুহিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর কাজী ইকরামুল বাশারকে দেখতে হাবিবুল বাশারের লালমাটিয়ার বাড়িতে গিয়েছিলেন মাশরাফি-তামিম-মুশফিক-তাসকিনরা। ছবি: প্রথম আলো
গত বছর কাজী ইকরামুল বাশারকে দেখতে হাবিবুল বাশারের লালমাটিয়ার বাড়িতে গিয়েছিলেন মাশরাফি-তামিম-মুশফিক-তাসকিনরা। ছবি: প্রথম আলো

দুরারোগ্য ক্যানসারের সঙ্গে লড়াই চলছিল এক বছর ধরেই। কিন্তু লড়াইটা খুব বেশি দিন টেনে নিয়ে যেতে পারলেন না মোহামেডানের সাবেক গোলরক্ষক কাজী ইকরামুল বাশার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
‘তুহিন’ নামে আশি-নব্বইয়ের দশকে ঢাকার ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত ইকরামুল বাশার ব্যক্তিগত জীবনে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একমাত্র ছেলেকে রেখে গেছেন।
এই প্রজন্মের অনেকের কাছে ইকরামুল বাশার একটু অপরিচিতই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বর্ণযুগে দলটির দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলেছেন। ১৯৮৭ থেকে ১৯৯২ পর্যন্ত মোহামেডানে থেকে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ তাঁর হয়নি। এর পর একটা মৌসুম তিনি ফরাশগঞ্জে খেলেছিলেন। তাঁর আবির্ভাবটা এমন সময়ে হয়েছিল যখন ঢাকার ফুটবলে গোলরক্ষক মোহাম্মদ মহসিন, সাঈদ হাছান কানন কিংবা আতিকুর রহমান আতিকরা তখন সেরা ফর্মে। সে সময়ে কেবল মোহামেডানের এক নম্বর গোলরক্ষক সাঈদ হাসান কানন অসুস্থ থাকলে বা চোটে পড়লেই খেলার সুযোগ পেতেন তিনি। তবে যখনই সুযোগ পেয়েছেন নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। সে কারণেই তাঁর প্রতি মোহামেডান সমর্থকদের ছিল আলাদা শ্রদ্ধাবোধ ও সহানুভূতি। ইরানি কোচ নাসের হেজাজির অত্যন্ত প্রিয় এই গোলরক্ষকের ক্যারিয়ার সামর্থ্য অনুযায়ী বিকশিত হতে পারেনি কখনোই। সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকটা আক্ষেপ নিয়েই ফুটবল ছেড়েছিলেন তিনি।