চলে যাচ্ছেন রস টার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি ছিল দুই বছরের জন্য। কিন্তু ছয় মাস যেতে না-যেতেই চলে যাচ্ছেন জিপি-বিসিবি একাডেমির প্রধান কোচ রস টার্নার। অসুস্থতার কারণে তাঁর পক্ষে আর দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে বিসিবিকে জানিয়েছেন এই অস্ট্রেলিয়ান। বিসিবিও মেনে নিয়েছে তাঁর এই সিদ্ধান্ত।ঠিক কী ধরনের অসুস্থতা তা জানা না গেলেও দিন-দিন ওজন কমছে টার্নারের। অস্ট্রেলিয়া থেকে তাঁর চিকিৎসক নাকি জানিয়েছেন, বর্তমান চাকরিটা চালিয়ে গেলে অবস্থার উন্নতি হওয়া কঠিন। আর অসুস্থ শরীর নিয়ে কাজ করলে বিমাসংক্রান্ত ঝামেলাও পোহাতে হতে পারে। টার্নার তাই চলে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা বিসিবিকে জানিয়েছেন বেশ কদিন আগে। ২৭ বা ২৮ অক্টোবর ঢাকা ছাড়ছেন তিনি। টার্নার বিসিবি একাডেমির দায়িত্ব নিয়েছিলেন এ বছরের ১৪ এপ্রিল।একাডেমির নতুন কোচ এখনো ঠিক না হলেও বিসিবির ভারপ্রাপ্ত গেম ডেভেলপমেন্ট ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন জানিয়েছেন, আপাতত রস টার্নারের নির্দেশনা অনুযায়ীই চলবে একাডেমির ক্রিকেটারদের প্রশিক্ষণ।