চলে যেতে চেয়েছিলেন নাভিদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাভিদ
নাভিদ

এশিয়া কাপ হকির বাংলাদেশ দলের কোচের দায়িত্ব নিয়েই ভীতিকর এক অভিজ্ঞতার মুখে পড়েছিলেন নাভিদ আলম। দলবদলের দাবিতে গত ২৯ জুলাই জাতীয় দলের খেলোয়াড়েরা যখন ক্যাম্প বর্জনের হুমকি-ধমকি দিচ্ছিলেন, নাভিদ খেলোয়াড়দের বোঝাতে সবাইকে ডাকেন হকি স্টেডিয়ামের ডাইনিংয়ে। আর সেখানে গিয়েই গোলমাল পাকান হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি জাতীয় দলের সাবেক গোলরক্ষক রাসেল খান (বাপ্পি)। নাভিদকে গালাগাল করেই ক্ষান্ত হননি বাপ্পি, তাঁর দিকে চেয়ারও ছুড়ে মারেন উদ্যত বলে অভিযোগ। এ ঘটনায় বাপ্পিকে হকি অঙ্গনে আজীবন নিষিদ্ধ করেছে হকি ফেডারেশন। খেলোয়াড়দের উসকানি দেওয়ার অভিযোগে ১০ বছর নিষিদ্ধ হয়েছেন সাবেক খেলোয়াড় আরিফুল হক প্রিন্স। একই অভিযোগে পাঁচ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন অন্য তিন খেলোয়াড় আসাদুজ্জামান চন্দন, আশিকুজ্জামান ও শামসুদ্দিন তুহিন। এই খেলোয়াড়দের বিরুদ্ধে পল্টন থানায় মামলাও করেছে হকি ফেডারেশন। তাতে হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়েরা। বহিষ্কার ও মামলার বিরুদ্ধে নিজেদের বক্তব্য তুলে ধরতে কাল মেরিনার্স ক্লাবে সংবাদ সম্মেলন ডেকেছিলেন অভিযুক্ত পাঁচ খেলোয়াড়। আশিক ছাড়া ছিলেন বাকি চারজনই। বাপ্পি লিখিত বক্তব্যে বহিষ্কার ও মামলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ হকি ফেডারেশনের তথাকথিত নির্বাহী কমিটির কিছু কুচক্রী কর্মকর্তার নানা নাটকের পর আমাদের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তগুলো একেবারেই অযাচিত, অবৈধ, উদ্দেশ্যপ্রণোদিত এবং অনিয়মতান্ত্রিক।’ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাপ্পি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ‘আমি ওই দিন কোচকে চেয়ার ছুড়ে মারিনি। পাশে থাকা চেয়ারটি সরিয়ে রেখেছিলাম মাত্র। যখন জানতে পারি, কোচ জুনিয়র খেলোয়াড়দের নিয়ে বৈঠক করছেন, আমরা সেখানে পৌঁছাতেই নাভিদ আমাকে ‘বাঙাল’ বলে বিদ্রূপ করে জানতে চান, আমি কে? এ ঘটনায় আমি বিস্মিত ও ক্ষুব্ধ হয়ে কথা বলি। পরে আমরা দুজন দুজনের কাছে দুঃখ প্রকাশ করে হাত মিলিয়েছি।’ ঘটনাটা খুবই ন্যক্কারজনক। জাতীয় দলের কোচকে গালাগাল করে তাঁকে লাঞ্ছিত করা শাস্তিযোগ্য অপরাধই। আর তা মন থেকে মেনে নিতে পারেননি কোচ নাভিদ। যদিও এই প্রতিবেদকের কাছে সবকিছু ভুলে যাওয়ার কথা বলেছেন, ‘আমি ঘটনাটা মনে রাখতে চাই না। ওটা এখন অতীত। এখন আমি এশিয়া কাপ নিয়েই শুধু ভাবছি।’ তবে নাভিদের লাঞ্ছিত হওয়ার ঘটনাটা পাকিস্তানের কাগজে ছাপা হয়েছে। নাভিদের পরিবার ঘটনা জানার পর তাঁকে বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। এটি জানিয়ে জাতীয় নির্বাচক মামুনুর রশিদ কাল বলছিলেন, ‘ওই ঘটনার পর নাভিদ দেশে ফিরে যেতে চেয়েছিলেন। পরে আমরা তাঁকে বুঝিয়ে শান্ত করেছি।’