স্টেডিয়ামের সঙ্গে তাঁর সখ্য ছিল। রক্তে মিশে যায় খেলাধুলার নেশা। খেলাপাগল মানুষটি জড়িয়ে পড়লেন ক্রীড়া সাংবাদিকতায়, নাম লেখালেন ক্রীড়া ধারাভাষ্যেও। ‘স্লামালেকুম...স্টেডিয়াম থেকে আবদুল হামিদ বলছি...।’ সুললিত এই কণ্ঠস্বর ছড়িয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। সেই বিখ্যাত ধারাভাষ্যকার আবদুল হামিদ আর নেই। ক্রীড়াঙ্গনের সবার প্রিয় ‘হামিদ ভাই’ চলে গেছেন না ফেরার দেশে।মাস দুয়েক ধরে অসুস্থ ছিলেন। গত ২৩ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর মেরুদণ্ডের স্পাইনাল কর্ডে টিউমার ধরা পড়ে। পরে জানা গেল, তিনি হাড়ের ক্যানসারে আক্রান্ত। পরশু বিকেল থেকে চলে যান ‘কোমায়’। কৃত্রিম যন্ত্র দিয়ে বাঁচিয়ে রাখার সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন কাল সকাল ৬টা ২০ মিনিটে। গতকালই তাঁকে সমাহিত করা হয়েছে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে।৭৭ বছর বয়সী ক্রীড়াব্যক্তিত্ব ফুটবল গোলরক্ষক হিসেবে খেলেছেন ইস্ট এন্ড ক্লাব, ইস্পাহানি, ওয়ান্ডারার্স, আজাদে। খেলেছেন কলকাতার আইএফ শিল্ডে। পূর্ব পাকিস্তান ভলিবল দলে খেলেছেন। ক্রিকেট খেলেছেন জগন্নাথ কলেজের হয়ে। ছিলেন বাংলাদেশ ব্যাংক ও আল বারাকা ব্যাংকের কর্মকর্তা। তবে ১৯৩৫ সালের ২১ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নদীয়ার নবদ্বীপে জন্ম নেওয়া আবদুল হামিদ সব পরিচয় ছাপিয়ে খ্যাতির চূড়ায় উঠেছিলেন ধারাভাষ্যকার হিসেবেই।এ দেশে প্রথম বাংলায় ক্রীড়া ধারাভাষ্য দিয়েছেন তিনিই। ক্রীড়া সাংবাদিক ছিলেন দৈনিক জিহাদ, আজাদ, দৈনিক ইনকিলাব-এ। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক আমাদের সময়-এর ক্রীড়া সম্পাদক ছিলেন। বাংলাদেশ টেলিভিশন ও চ্যানেল আইয়ে ক্রীড়া অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭৯ সালে পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। এরপর ২০০৩ সালে একুশে পদক। তাঁর মৃত্যুর সংবাদে ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছে তৃতীয় জানাজা। সেখানেই আবদুল হামিদের সতীর্থ বিশিষ্ট ধারাভাষ্যকার মনজুর হাসান মিন্টুর কণ্ঠে আক্ষেপ, ‘আমি একা হয়ে গেলাম।’ সাবেক ফুটবলার ও সাবেক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদের কণ্ঠও ভারাক্রান্ত, ‘ধারাভাষ্যকার বলতে এ দেশে আবদুল হামিদকেই সবাই চেনে। এ মানুষটি ছিলেন অজাতশত্রু ব্যক্তিত্ব।’ সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের কথা, ‘হামিদ ভাইয়ের চলে যাওয়া একটা যুগের শেষ।’প্রধানমন্ত্রীর শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় ক্রীড়াঙ্গনে আবদুল হামিদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। গভীর শ্রদ্ধা জানিয়েছে বিসিবি, বাফুফে, ভলিবল, হ্যান্ডবল, আর্চারি, হকি, দাবা ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, ডিআরইউ, সোনালী অতীত ক্লাব, রেফারিজ সমিতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ, স্পোর্টস কমেন্টেটরস ফোরামসহ অনেক প্রতিষ্ঠান।