চলেই গেলেন ‘আশা’র গায়ক
নেলসন ম্যান্ডেলা তাঁর প্রশংসা করেছেন, তাঁর সংগ্রামী জীবন নিয়ে কথা বলেছেন; এতেই একজন মানুষের জীবন ধন্য হয়ে যাওয়ার কথা। সাইফিও নিটশেবের জীবনটা আসলেই ধন্য হতে চলছিল। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এই বিশ্বকে নিজের কণ্ঠের মাদকতায় মুগ্ধ করে ফেলার কথা ছিল নিটশেবের। কিন্তু মাত্র দুটি সপ্তাহ অপেক্ষা করতে পারলেন না। মস্তিষ্কের রোগে আক্রান্ত হয়ে সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন ৩৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই পপ গায়ক। মেনিনজাইটিস নিয়ে সপ্তাহখানেক আগে পোর্ট এলিজাবেথের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেখানেই শেষ নিঃশ্বাস ফেললেন পত পরশু।নিটশেবের গাওয়া ‘হোপ’ গানটি খুবই পছন্দ হয়েছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার। তাঁরই আগ্রহে এটি রেকর্ড করা হয়েছিল বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এই গানের মধ্যে ম্যান্ডেলার একটি বার্তা তাঁরই কণ্ঠে ধারণও করা হয়েছিল। কিন্তু তাঁর আকস্মিক মৃত্যুতে গানটি আদৌ আর জনসম্মুখে আসবে কি না সেটাই বড় প্রশ্ন।গোটা বিশ্বকাপের আয়োজনেই এখন শোকের ছায়া। সবাই এই তরুণ গায়কের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রযোজক লেবো এম বলছেন, ‘তাঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক। আর আমাদের সবার কেন্দ্রে থাক তাঁর হোপ-এর চেতনা।’ তাই হোক। নিটশেবে বেঁচে না থাকলেও তাঁর ‘আশা’ বেঁচে থাকুক। এএফপি, ওয়েবসাইট।