চল্লিশ পেরিয়ে কোমানেচের সেই দশে দশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে নাদিয়া কোমানেচ। পাশের ছবিতে নিজের ইভেন্ট শেষ করার পর বিখ্যাত সেই স্কোরবোর্ডের সামনে তখনকার সেই রোমানিয়ান কিশোরী l ফাইল ছবি
১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে নাদিয়া কোমানেচ। পাশের ছবিতে নিজের ইভেন্ট শেষ করার পর বিখ্যাত সেই স্কোরবোর্ডের সামনে তখনকার সেই রোমানিয়ান কিশোরী l ফাইল ছবি

সেই ঘটনারই ৪০ বছর পেরিয়ে গেল? তাহলে তাঁর বয়স কত? চমকে গিয়ে আবিষ্কার করতে পারেন, নাদিয়া কোমানেচের বয়স এখন ৫৪ চলছে। ৫৪! হতেই পারে না। কোমানেচের ভক্তদের কাছে এখনো তিনি ১৫ ছুঁইছুঁই মায়াবী এক কিশোরী। অলিম্পিকের মতো বড় আসর-টাসর কিছুই নয়; যে মনের আনন্দে পোলে বা বারে খেলছে, যেন দুরন্ত এক প্রজাপতি। পেছনে বাঁধা ঝুঁটি। অলিম্পিক ইতিহাসে জিমন্যাস্টে প্রথম দশে দশ বা ‘পারফেক্ট টেন’ করা এই রোমানিয়ান তখন থেকেই অনেকের মনে জায়গা করে নিয়েছেন। যে কোমানেচের বয়স কখনোই বাড়ে না।

মনের অ্যালবামে না বাড়ুক, সময়ের ঘড়ি তো আর থেমে নেই। গতকাল যেমন ছিল তাঁর সেই পারফেক্ট টেনের চার দশক পূর্তি। কোমানেচ নিজেও বিশ্বাস করতে পারছেন না এত দিন হয়ে গেল। মনে হয়, এই তো সেদিনের কথা। বললেন, ‘এটা অনেকটা জীবনের অর্ধেকটা পেরিয়ে আসার মতো ব্যাপার। তবে সত্যি বলতে কি, সেই ঘটনার ৪০ বছর পূর্ণ হলো, এটা ভাবতেই মনে হয়, “বলেন কী, সত্যিই?”’

কোমানেচ নিজেও এই উপলক্ষটা বিশেষভাবে উদ্‌যাপন করবেন। এখন ক্যালিফোর্নিয়ায় ছুটি কাটাচ্ছেন সপরিবারে। কদিনের মধ্যে মন্ট্রিয়লে যাবেন। সেখানকার অলিম্পিক স্টেডিয়ামটা নিজের ১০ বছর বয়সী ছেলেকে দেখাবেন। এরপর ব্রাজিলে উড়ে যাবেন রিও অলিম্পিক দেখতে। চার দশক আগের এমন এক অলিম্পিক যাঁকে ক্রীড়া ইতিহাসে দিয়েছে অমরত্ব।

তবে স্মৃতির ভেলায় চাপতে তো ভিসা-পাসপোর্ট-প্লেন কিছুই লাগে না। কোমানেচ চলে গেলেন সেই দিনটায়, ‘মনে আছে, বাধ্যতামূলক অংশটা (আনইভেন বারের রুটিন) যখন করছিলাম, মনে হচ্ছিল ভালোই করেছি, কিন্তু ঠিক শতভাগ নিখুঁত রুটিন হয়নি।’

কোমানেচ তখন স্কোরবোর্ডের দিকে তাকানওনি। দেখলেন গ্যালারিতে এবং আশপাশে কিছুটা শোরগোল হচ্ছে। এক সতীর্থকেও দেখলেন অদ্ভুত ভঙ্গিতে কাঁধ ঝাঁকাচ্ছে। এরপরই তাকালেন স্কোরবোর্ডের দিকে। যা দেখলেন, তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তাঁর ‘০৭৩’ প্রতিযোগী নম্বরের পাশে ইলেকট্রনিক স্কোর দেখাচ্ছে কিনা মাত্র ১.০০! এত বাজে করেছেন! দশের মধ্যে ১! পরে জানা গেল, ইতিহাসে কেউ কখনো দশে দশ পায়নি বলে স্কোরবোর্ডে দুই অঙ্কের জায়গাই রাখা হয়নি! মানে কি না, স্কোরে ‘১০.০০’ লেখার সুযোগই নেই! অথচ বিচারকেরা ঠিক দশই দিয়েছেন তাঁকে!

আর এই ঘটনাই জায়গা করে নিল ইতিহাসে! এখন যুক্তরাষ্ট্রের ওকলাহামার বাসিন্দা কোমানেচও বলছেন, ‘স্কোরবোর্ড যে ১০ দেখাতে পারত না, এটা বাড়তি নাটকই যোগ করেছিল। এটা পুরো ব্যাপারটিকে আরও বড় ঘটনা বানিয়ে ফেলে, আরও বেশি ঐতিহাসিক বানায়।’

নাদিয়া  কোমানেচ  এখন
নাদিয়া কোমানেচ এখন

ওই পারফেক্ট টেনের ঘটনা এতটাই শোরগোল ফেলে দিয়েছিল, অনেকে ঘটনাটিকেই মনে রেখেছে। বেশির ভাগ মানুষ হয়তো জানেনই না, ওই অলিম্পিকে মোট কয়টি সোনা জিতেছিলেন কোমানেচ। এমনকি কোমানেচের পরপরই আরও একজন পারফেক্ট টেন করেছিলেন। সেই ঘটনাও মনে রাখেনি মানুষ!
কিন্তু কোমানেচ ভোলেননি। কার মেকানিকের ঘরে জন্ম নিয়ে অবিশ্বাস্য খ্যাতি পেয়ে যাওয়া কোমানেচ আজও যেন মাটিতেই পা রাখছেন অদৃষ্টবাদে বিশ্বাস রেখে, ‘নেলি (কিম) আমার পরপরই ১০ করেছিল, কিন্তু কেউ এ নিয়ে কথাই বলে না। ভাগ্য যদি ঠিক করে রাখত, আমার বদলে অন্য কেউ হয়তো করে ফেলত। আমি বাকিদের আগে করেছি, এ-ই যা।’
সেবার তিনটি সোনার মেডেল আর ইতিহাস বুকে ঝুলিয়ে দেশে ফেরা কিশোরী কোমানেচের সবচেয়ে বেশি আনন্দ হচ্ছিল সঙ্গে করে বাবল গাম, রঙিন মোজা আর রঙিন চুলের ক্লিপ নিয়ে আসতে পেরেছিলেন বলে! তখন যে রোমানিয়ায় এসব মিলত না!
এখনো সেই আনন্দটাকেই বড় করে দেখতে চান বলে এই ঘটনা ভোলেননি। কোমানেচ আশ্চর্য সরলতায় স্বীকার করে নিলেন, ‘তখন তো আর বুঝিনি কত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছি, আমি তো ইতিহাস নয়; স্রেফ মেডেলের জন্য লড়ছিলাম।’ তবে এখন বোঝেন। তাই সেই তৃপ্তিটাও আছে, ‘আজীবন এটা থেকে যাবে, এটাই সবচেয়ে স্পেশাল।’ সূত্র: রয়টার্স।