চল্লিশেও চ্যাম্পিয়ন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিয়েন্ডার পেজের অর্জনের খাতায় লেখা হলো আরেকটি গ্র্যান্ড স্লাম। পরশু এই ভারতীয় ইউএস ওপেনের দ্বৈতের শিরোপা জিতলেন চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে সঙ্গী করে। এর আগেও গ্র্যান্ড স্লামে ৭টি দ্বৈত শিরোপা জিতেছেন, ৬টি মিশ্র দ্বৈত। কিন্তু অস্ট্রিয়ার আলেক্সান্ডার পেয়া ও ব্রাজিলের ব্রুনো সোয়ারেস জুটিকে হারিয়ে জেতা এই ট্রফির মাহাত্ম্যটাই আলাদা। পেজ এটি জিতেছেন বয়স চল্লিশ পেরিয়ে যাওয়ার পর। যা তাঁকে সবচেয়ে বেশি বয়সী গ্র্যান্ড স্লামজয়ী হিসেবে ঠাঁই করে দিয়েছে ইতিহাসে। সঙ্গী স্তেপানেকের বয়সও ৩৪। বয়স নিয়ে আলোচনায় পেজ তাই মজা করে বললেন, ‘এটি আমাদের কাছে স্রেফ একটা সংখ্যা। বয়স এমন একটা জিনিস, যেটির দিকে তাকিয়ে আমরা শুধু হাসি।’ এএফপি।