চাঁদের আলোতেও ব্যাট করতে পারতেন যিনি

বলা হয়ে থাকে তিনি এমন একজন ক্রিকেটার, যিনি সূর্যাস্তের পরও চাঁদের আলোতেও ব্যাটিং করতে পারতেন! ক্রিকেট বিশ্বে ডিফেন্সিভ ব্যাটিংয়ের নতুন দিগন্তের সূচনা হয়েছিল তাঁর হাত ধরে। তাঁর হাত ধরেই ‘রিভার্স সুইপের’ যাত্রা শুরু হয়। পাকিস্তানের বিখ্যাত মোহাম্মদ পরিবারের হানিফ মোহাম্মদ, ক্রিকেট বিশ্বের আসল লিটল মাস্টারের জন্মদিন আজ।
হানিফ ১৯৩৫ সালের এই দিনে অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়সে পুরো পরিবারের সঙ্গে ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে হয় দেশ ভাগের রাজনীতির করাত কলের কারণে। মোহাম্মদ পরিবার করাচিতে স্থায়ীভাবে বসবাস শুরু করে।
পাঁচ ভাইয়ের মধ্যে হানিফ ছিলেন তৃতীয় এবং গড়নে সবচেয়ে ছোটখাটো। এই আকারের কারণেই তাঁকে বলা হতো ‘লিটল মাস্টার’। তাঁর মা আমির বাঈ ছিলেন অবিভক্ত ভারতের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। খেলার নেশাটা জন্মসূত্রেই পেয়েছিলেন মোহাম্মদ ভাইয়েরা।
হানিফের আরও তিন ভাইয়েরও অভিষেক হয়েছে পাকিস্তানের হয়ে। ওয়াজির মোহাম্মদ, মুশতাক মোহাম্মদ ও সাদিক মোহাম্মদ। জাতীয় দলে খেলা না হলেও দ্বাদশ ব্যক্তি হয়েছিলেন আরেক ভাই রইস।
অবশ্য পারিবারিক গণ্ডিতে নয়। করাচি চলে আসার পর হানিফকে ক্রিকেটের দীক্ষা দিতে শুরু করেন ‘নাউমাল জিউমাল’ নামের একজন অলরাউন্ডার, যিনি ১৯৩২ সালে ভারতের অভিষেক টেস্টে খেলেছিলেন। নাউমাল হানিফকে আদর্শ টেস্ট ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলতে থাকেন। ঘণ্টার পর ঘণ্টা বিরতিহীনভাবে ব্যাটিং করাতেন। এতে হানিফ অসম্ভব ধৈর্যশীল ব্যাটসম্যান হয়ে ওঠেন।
১৯৫২ সালের ১৬ অক্টোবর হানিফের জাতীয় দলে টেস্ট অভিষেক। বলা হয়ে থাকে হানিফ মোহাম্মদ যখন প্রথম টেস্ট খেলতে নামেন, তখনো হাফপ্যান্ট পরতেন। অভিষেক হয়েছিল মাত্র ১৭ বছরে। গা থেকে কৈশোরের গন্ধ তখনো মুছে যায়নি।
অভিষেক টেস্ট ছিল জন্মভূমি ভারতের বিপক্ষেই। অভিষেকেই ফিফটি করেছিলেন। ১৫০ রানে অলআউট হয়েছিল পাকিস্তান সেই ইনিংসে। হানিফ করেছিলেন সর্বোচ্চ ৫১।
ম্যাচটা পাকিস্তান ইনিংস ব্যবধানে হারলেও শুরুতেই নিজের জাত চিনিয়ে দেওয়া হানিফ দ্রুতই পাকিস্তান দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়ে ওঠেন। পাকিস্তান তখন ক্রিকেট বিশ্বে পড়ে পড়ে মার খাওয়া একটি দল। এ কারণেই খুব অল্প বয়স থেকেই তাঁকে দলের অতিরিক্ত ভার বহন করতে হতো। মাটি কামড়ে উইকেটে পড়ে থাকার অভ্যাস তখন থেকেই গড়ে ওঠে হানিফের।
তাঁর ডিফেন্স এত ভালো ছিল, একবার ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কারকে তাঁর কোচ বসু পরাঞ্জপে বলেছিলেন, ‘যখন হানিফ মোহাম্মদ ব্রাবোর্ন স্টেডিয়ামে ফরোয়ার্ড ডিফেন্সিভ খেলত, বল ব্যাটে লাগার যে সুন্দর শব্দ হতো, সেটা চার্চগেট স্টেশন পর্যন্ত শোনা যেত।’ হানিফের অবসরের আগপর্যন্ত একটা কথা চালু হয়ে গিয়েছিল, ‘যদি পাকিস্তানকে হারাতে চাও, হানিফ মোহাম্মদকে আউট করো।’
তাঁর অনেক স্মরণীয় ইনিংসের মধ্যে অন্যতম ছিল ১৯৬০ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে ২ দিন ব্যাট করে ১৬০ রান করা। কিন্তু হানিফ জীবনের সেরা টেস্ট ইনিংসটি খেলেন ১৯৫৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্রিজটাউন টেস্টে। প্রবল প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫৭৯ রান করার পর পাকিস্তান ১০৬ রানে অলআউট হয়ে ফলোঅনে বাধ্য হয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে হানিফ শেষ ৩ দিন টানা ব্যাট করে করেন ৩৩৭ রান। হানিফ ৯৭০ মিনিট ব্যাটিং করেছিলেন। ১৬ ঘণ্টারও বেশি সময়। যেটি এখনো মিনিটের হিসাবে সবচেয়ে লম্বা ইনিংসের বিশ্ব রেকর্ড।
তখন টেস্ট হতো ৬ দিনের, এক দিনের বিরতিও থাকত মাঝখানে। ম্যাচ চলাকালে একটি ঘটনা ঘটে। একটি ছেলে ম্যাচের ৪ দিন ধরে গাছের ওপরে বসে খেলা দেখছিল। প্রচণ্ড গরমে হানিফের অবিশ্বাস্য ধৈর্যশীল ব্যাটিং দেখতে দেখতে ছেলেটি হঠাত্ গাছ থেকে ৪০ ফুট নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার ২৪ ঘণ্টা পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ছেলেটির প্রথম প্রশ্ন ছিল, ‘হানিফ কি এখনো ব্যাট করছেন?’ হানিফের এই ম্যারাথন ব্যাটিংয়ের জন্য পাকিস্তান ম্যাচটি ড্র করতে সক্ষম হয়।
এই মহান ব্যাটসম্যানের সঙ্গে ঢাকার ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামে’র নামও জড়িয়ে আছে। তখনকার ঢাকা স্টেডিয়ামে ১৯৫৮ সালে হানিফ টেস্ট খেলেছিলেন। সেই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ একটি সেঞ্চুরিও করেছিলেন হানিফ।
সেই বছর হানিফ আরেকটি বিশ্ব রেকর্ড গড়েন। স্যার ডন ব্র্যাডম্যানের গড়া সর্বোচ্চ প্রথম শ্রেণীর স্কোর (৪৫২ রানের) ভেঙে দিয়ে করেন ৪৯৯ রান। পরে অবশ্য এই রেকর্ড ভেঙে ব্রায়ান লারা করেছিলেন অপরাজিত ৫০১।
বেশ কয়েক বছর পর যখন পাকিস্তান অস্ট্রেলিয়া সফর করছিল, তখন খেলার ফাঁকে হানিফ ব্র্যাডম্যানের সঙ্গে দেখা করে বলেছিলেন, ‘স্যার, আপনি সর্বকালের সেরা।’ স্যার ডন তখন বলেছিলেন, ‘তুমি তাহলে সেই ব্যক্তি যে আমার রেকর্ড ভেঙেছ! আমি ভেবেছিলাম তুমি আরও অনেক লম্বা।’
৭৯ বছর বয়সী হানিফ শতায়ু হন, এ প্রার্থনাই করেন তাঁর ভক্তরা।