চাই অতিমানবীয় ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফি বিন মুর্তজা
মাশরাফি বিন মুর্তজা

একটু একটু করে শেষ দৃশ্যে চলে এল বিশ্বকাপ ফুটবল। শেষটা আমার জন্য সুখকর হয় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে। আমি জানি ফাইনালে জার্মানিই কাগজে-কলমের সেরা দল। কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হলে যে এক মাস ধরে বিশ্বকাপ দেখাটাই বৃথা হয়ে যায় আমার জন্য!
শুনেছি, চোট কাটিয়ে ফাইনালে ডি মারিয়া খেলতে পারে। বড়ই সুখবর। আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে হলে চার ফরোয়ার্ডকেই খেলতে হবে অতিমানবীয় ফুটবল। জানি জার্মানরা মেসিকে আটকাতে সব রকম জালই বিছাবে। কিন্তু এর মধ্য থেকেও তার সেরাটা বের করে আনতে হবে।
শুরুতে আর্জেন্টিনার রক্ষণভাগ নিয়ে ভয় থাকলেও গত দুই ম্যাচে তারা ভালো খেলেছে। তার পরও প্রতিপক্ষ জার্মানি বলে কথা! আমার বড় ভয় ডি-বক্সের ওপর উড়ে আসা ওদের ক্রসগুলোকে। এসবে যে কী নিখুঁত হয় জার্মানদের হেড! জার্মানদের এ জাতীয় আক্রমণগুলো ঠেকাতে পারলেই আর্জেন্টিনার কাজ অর্ধেক সহজ হয়ে যাবে।
জার্মানির বিপক্ষে শুরুতেই আক্রমণাত্মক খেলতে গিয়ে ধরা খেয়েছে ব্রাজিল। আমি চাই আর্জেন্টিনা ও রকম না করে হল্যান্ডের বিপক্ষে ম্যাচের মতো খেলুক। বড় ম্যাচ। শুরুতেই আক্রমণাত্মক হতে গিয়ে পাল্টা-আক্রমণ থেকে গোল খেলে ম্যাচে ফেরা কঠিন।
তবে খেলাটা যেহেতু শেষ পর্যন্ত গোলের, তুলির শেষ আঁচড়টা দিতে হবে ফরোয়ার্ডকেই। আরও সংক্ষেপে বললে লিওনেল মেসিকে। মেসি কি পারবেন আমার বিশ্বকাপটাকে সার্থক করে দিতে?