চাই খেলার চেয়েও বেশি কিছু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে খুব সহজেই চোখে পড়ে তাঁকে, ডিফেন্ডার হলেও প্রায়ই মনে হয় ফরোয়ার্ড। পেশাদারির এই যুগেও ফুটবলটা তাঁর কাছে সবকিছুর ওপর উপভোগের বিষয়। তবে মূল কাজেও কম যান না, বিশ্বের অন্যতম সেরা রাইটব্যাক এখন তিনিই। আজ থাকছে দানি আলভেজের বিশ্বকাপ ভাবনা...দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য আমার আর দেরি সইছে না। কারণটা সহজ, জাতীয় দলের হয়ে খেলাটা আমি উপভোগ করি। আমরা একসঙ্গে খুব বেশি সময় কাটাতে না পারলেও আমাদের মধ্যে এমন একাত্মবোধ আছে যা ইউরোপিয়ান দলগুলোর নেই। আমরা জানি, একসঙ্গে কীভাবে ভালোভাবে থাকতে হয় এবং এই অনুভূতিটা বিশেষ কিছু, কারণ মুহূর্তগুলো হাসি-ঠাট্টায় ভরা। ব্রাজিল দলের এই পরিবেশটাই বিশ্বের অন্যতম সেরা। দলে আনন্দ-ফুর্তির মধ্যে থাকলে সময়গুলো যেন উড়ে যায়। প্রতিটি দিনই যদি এভাবে হাসি-খুশিতে থাকতে পারতাম!জাতীয় দলকে ব্রাজিলিয়ানরা দারুণ ভালোবাসে। আমরা তাদের আনন্দটা বুঝি আর এটা আমাদের মাঠে ভালো খেলতে উদ্বুদ্ধ করে। আমরা জানি, আমাদের দেশে বিশ্বকাপটা বিশাল এক উপলক্ষ, খেলা থাকলে কেউ কাজে যায় না। খেলা দেখার জন্য পুরো দেশ যেন থমকে দাঁড়ায়।জাতীয় দলে প্রস্তুতির জন্য বার্সার মতো এতটা সময় পাওয়া যায় না। আমরা নির্ভর করি ফুটবলারদের মানের ওপর। কৌশলের কথা যদি বলতে হয়, গোলপোস্ট থেকে অনেকটা দূরে ডিফেন্ড আমাদের কোনো সমস্যা নেই। কারণ এটাও ভালো রক্ষণ। গোলপোস্ট থেকে যত দূরে ডিফেন্ড করা যায় ততই ভালো। দলের ফরোয়ার্ডরা প্রতিপক্ষকে চাপে রাখতে পারলে সেটি ডিফেন্ডারদের জন্যই ভালো। এ জন্যই আমি এতটা ওপরে উঠে যাই।ব্রাজিলের এমন কিছু আছে যা অন্য কারও নেই—পাঁচটি বিশ্বকাপ। এগুলো থেকে অনেক শেখার আছে এবং সেদিক থেকে ব্রাজিল একটি পরিণত দল, যাদের আছে পরিষ্কার ধারণা। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে শুধু ভালো খেলাটাই যথেষ্ট নয়। সমর্থকদের চোখ ধাঁধানো কিছু উপহার দিতে হবে এবং আত্মবিশ্বাসটা থাকতে হবে অনেক উঁচুতে। কিন্তু বিশ্বকাপ জেতার জন্য চাই ভালো খেলার চেয়েও বেশি কিছু। —বিদেশি পত্রিকা অবলম্বনে