চাই জমাট ব্যাটিং

মন্থর উইকেট, ব্যাটে বল আসে না ঠিকমতো। ব্যাটসম্যানরা চাইলে বোলার বোলিং করার পর পিচে দু-একটি বুকডন দিয়ে উঠে শট খেলতে পারে। ড্রাইভ খেলা মুশকিল। ম্যাচের শুরু থেকে উইকেট নিয়ে আলোচনা ছিল এমন। বাংলাদেশের ব্যাটসম্যানরা কী করলেন?
প্রথম বৈধ বলেই শরীর থেকে অনেক দূরে ড্রাইভ খেললেন তামিম ইকবাল। গালিতে ক্যাচ। পরের বলেই নতুন ব্যাটসম্যান মার্শাল আইয়ুব ড্রাইভ খেললেন শরীর থেকে একটু দূরে। দুটি রান পেলেও বল ঠিকই বাতাসে ছিল কিছুক্ষণ। পরের ওভারে শরীর থেকে দূরে খেলে স্লিপে ক্যাচ হলেন এনামুল হক। বেঁচে গেলেন নো বল হওয়ায়। তবে উইকেটের ১৯ মিনিটের স্থায়িত্বে স্বস্তিতে খেলতে পারেননি একটি মুহূর্তও। শরীরের অনেক দূরে থেকে নামিয়ে আনা ব্যাটে নাগাল পেলেন না একটু ভেতরে ঢোকা বল, এলবিডব্লু। নতুন ব্যাটসম্যান মমিনুল হক নেমেই প্রথম বলে ড্রাইভ খেললেন অফ স্টাম্পের অনেক বাইরের বলে!
এমন নয় যে এই উইকেটে শট খেলাই যাবে না। উইলিয়ামসন-ওয়াটলিং কিংবা মমিনুলও দেখিয়েছেন, চাইলে এই মন্থর উইকেটেও অপূর্ব টাইমিংয়ের প্রদর্শনী মেলে ধরা যায়। কিন্তু ঝুঁকিটা থেকে যায় সব সময়ই। আর শট খেলার আগে উইকেটের সঙ্গে মনস্তাত্ত্বিক সম্পর্কটা গড়ে তোলাটাও জরুরি। সেই সম্পর্ক গড়ে না তুলেই উইকেটকে বিশ্বাস করার খেসারত দিয়েছেন তামিম ও এনামুল। মার্শাল ও মমিনুল যদিও দিনের শেষ পর্যন্ত টিকে গেছেন। জুটিতে উঠে গেছে ৯৫, মমিনুলের নামের পাশে ৭১ বলে ৭৭। প্রশ্ন তোলা তাই মুশকিল। কিন্তু এই মন্থর উইকেটে গিয়েই যখন সবাই শুরুতে অমন ড্রাইভ খেলতে শুরু করেন, মানসিকতা নিয়ে প্রশ্ন তোলাই যায়।
অভিষিক্ত মার্শালকে এখানে অবশ্য খানিকটা আলাদা করা যায়। শুরুর ওই শট স্নায়ুর চাপ থেকে হতে পারে। এর পরপরই নিজেকে সামলে নিয়েছেন মার্শাল, ঝুঁকিতে যাননি। রান মমিনুল প্রায় চার গুণ বেশি করলেও নিখুঁত ডিফেন্স আর জমাট ব্যাটিংয়ে উইকেটে সবচেয়ে থিতু মনে হয়েছে মার্শালকেই। ঘরোয়া ক্রিকেটে বড় ইনিংস খেলাকে অভ্যাসে পরিণত করেছেন। স্নায়ুচাপের প্রাথমিক ধাক্কাটা সামলে নেওয়ায় আজ টেস্ট আঙিনায়ও বড় কিছু দেখানোর সুযোগ ঢাকার এই ব্যাটসম্যানের।
শুরু থেকে রোমাঞ্চকর অভিযানের ঝুঁকির পথ বেছে নিলেও পা হড়কায়নি মমিনুলের। বাজে বলের প্রাপ্য সাজা যেমন দিয়েছেন, তেমনি উচ্চাভিলাষী কিছু শট খেলেও সফলও হয়ে গেছেন। কিন্তু অন্য এক দিন হয়তো এই উইকেটেই অমন শট খেলতে গেলে উপহার দিয়ে আসতে হবে উইকেট। ইনিংসটি কার্যকর ছিল সন্দেহ নেই। কিন্তু বন্ধুর পথে লম্বা দৌড়ের ঘোড়া হতে হলে আজ আরেকটু জমাট ব্যাটিং করতে হবে মমিনুলকে। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের বাইরে যে তিনজন আছেন, তাঁদের দুজনকে নিয়ে আগাম কিছু বলা মুশকিল। সাকিব-নাসিরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন নেই। তবে দুজনের কারও কাছেই জমাট ব্যাটিং আশা করাটা দুরাশা। উইকেট-পরিস্থিতি যা-ই হোক, দুজন নিজেদের মতোই খেলেন। সফল যেমন হতে পারেন, তেমনি হতে পারেন ব্যর্থও। মার্শাল-মমিনুল আর মুশফিকের ওপর দায়িত্বটা তাই বেশিই।
একটি ব্যাপার মোটামুটি নিশ্চিত, বাংলাদেশের ব্যাটিং আর আজকের দিনটাই ঠিক করে দেবে এই টেস্টের গতিপথ।