যেকোনো নতুন নিয়মে প্রথম ম্যাচ খেলাটা একটু কঠিন।্রমানিয়ে নিতে একটু সমস্যা হতেই পারে। তবে নতুন নিয়ম দুই দলের জন্যই সমান। এটিকে কখনোই অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না।তবে এটা ঠিক, ওয়ানডেতে দুই দিক থেকেই নতুন বলের নিয়ম হওয়ায় আমাদের সমস্যাটা একটু বেশি হবে। কারণ আমাদের মূল শক্তি স্পিন। তার ওপর আমাদের মূল স্পিনার সাকিব আল হাসান পুরোনো বলেই বল করতে বেশি পছন্দ করে। নতুন বলে বল করলে সিমে লেগে লেগে তার হাত ছড়ে যায়। স্বস্তিতে বল করতে পারে না। পুরোনো বলেই ও বেশি সুবিধা পায়। এ ছাড়া নাঈম, নাসিরদের জন্যও নতুন বলের চেয়ে পুরোনো বল সুবিধাজনক। আমাদের নতুন বলের স্পিনার একমাত্র রাজ্জাক। ক্যারিয়ারের শুরু থেকেই সে নতুন বলে বল করে আসছে। কিন্তু আমাদের মূল শক্তিই যেহেতু স্পিন বোলিং, সমস্যাটা থাকবেই।তবে একটা বুদ্ধি আমরা কাজে লাগিয়ে দেখতে পারি। রাজ্জাক নতুন বলে বল করতে পারে, দেখতে হবে পেসারদের সুবিধাও। কাজেই এক দিকের বল যতটা সম্ভব নতুন রেখে আরেক দিকের বলটাকে বৈধভাবেই দ্রুত পুরোনো করার চেষ্টা করা যেতে পারে। ফিল্ডাররা যদি ওই প্রান্তের বোলিংয়ের সময় থ্রোগুলো এক ড্রপ বা দুই ড্রপে করে তাহলে বল কিছুটা হলেও তাড়াতাড়ি ঔজ্জ্বল্য হারাবে। ওই প্রান্তের বোলিংয়ে তখন সাকিবকে বা অন্য কোনো স্পিনারকে আনা যায়। আমার ধারণা, কৌশলটা খারাপ হবে না। আর এটা ক্রিকেটের আইনের বাইরেও না। ক্রিকেটে এমন কোনো আইন নেই যে এক ড্রপ বা দুই ড্রপে থ্রো করা যাবে না। আমার মনে হয়, দলের টিম মিটিংয়ে বিষয়টা আলাপ করা যেতে পারে।পরশু যে আমাদের স্পিনাররা সে রকম টার্ন পেল না, একটা কারণ হতে পারে দুই দিক থেকেই নতুন বল। আসল কারণ অবশ্যই উইকেট। প্রথম ওয়ানডের উইকেটটা আমার কাছে একদমই টার্নিং মনে হয়নি। সিমন্স যখন ব্যাকফুটে গিয়ে ব্যাট করছিল, অনেক সহজে খেলছিল। অন্যান্য সময় দেখেছি, স্পিনারদের বল টার্ন না করলেও একটু নিচে নামে। ব্যাকফুটে যাওয়ার তখন খুব একটা সুযোগ থাকে না।স্পিনারদের জন্য না হলেও প্রথম ওয়ানডের উইকেট ব্যাটসম্যানদের জন্য খুবই ভালো ছিল। এটা অবশ্য আমাদের ব্যাটসম্যানদের জন্যও আশীর্বাদ ছিল। তবে এটাও ঠিক, টার্নিং উইকেটই আমাদের জন্য বেশি ভালো। পরশু এই সুবিধা আমরা পাইনি। স্পোর্টিং উইকেট ছিল, তবে আমাদের অধিনায়ক মুশফিকুর রহিম যেহেতু টার্নিং উইকেট চাচ্ছে, সেটাই দেওয়া উচিত। টার্নিং উইকেট হলেই আমরা আমাদের আসল শক্তি স্পিনারদের ভালোভাবে কাজে লাগাতে পারব। পরের ম্যাচগুলোতে মুশফিকের মতো আমিও টার্নিং উইকেটই আশা করব।ওয়ানডের আরেকটা নতুন নিয়ম—১৬ থেকে ৪০ ওভারের মধ্যেই ব্যাটিং ও বোলিং পাওয়ার প্লে নিতে হবে। আমাদের জন্য ব্যাটিং পাওয়ার প্লে কখনোই ভালো হয়নি। নতুন নিয়মটাও ভালো-খারাপ দুই রকমই হতে পারে। তবে আমি ভালোটাই বেশি দেখছি। পাওয়ার প্লে পর্যন্ত তামিম বা ইমরুলের কেউ থেকে গেলে আমরা এর সুবিধা নিতে পারি। পরশু যেমন নাঈম আউট না হলে পাওয়ার প্লেতে আমাদের আরও বেশি রান করার সুযোগ ছিল। সাকিব এসে কিন্তু ঠিকই চালিয়েছে। নতুন এই নিয়ম তাই আমাদের খুব একটা সমস্যায় ফেলবে না বলেই মনে হচ্ছে।বোলিংয়ের ক্ষেত্রেও পাওয়ার প্লের পরিবর্তিত নিয়ম আমাদের জন্য ভালো হবে আশা করি। পাওয়ার প্লের ব্যাটিংয়ে অনেক সময় আমাদের স্পিনারদের এড়িয়ে যেতে চায় প্রতিপক্ষ। এখন সে সুযোগ তারা কমই পাবে। স্পিনাররা বোলিংয়ে থাকা অবস্থায়ই ওদের পাওয়ার প্লে নিতে হবে।তবে ওয়ানডের নতুন এই নিয়মের পর শুধু স্পিনারদের দিকে তাকিয়ে থাকার দিন বোধহয় শেষ। দুই দিক থেকে নতুন বল। পেসাররা তাহলে বাড়তি দায়িত্ব নেবে না কেন?