চাইলেই মেলে অ্যাক্রেডিটেশন কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ তালিকায় নাম না থাকায় আপনি হয়তো সৌজন্য টিকিট পান না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও হয়তো নন। ব্যাংকে গিয়ে দেখেন টিকিট শেষ হয়ে গেছে। ভিড়ভাট্টার কারণে যেতে চান না স্টেডিয়ামের বুথেও। তাহলে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আপনি দেখবেন কীভাবে! উপায় আছে।
বিসিবির একটি অ্যাক্রেডিটেশন কার্ডের সৌজন্যেই খুলে যেতে পারে সে সৌভাগ্যের দরজা। সে জন্য আপনাকে বিসিবির কর্মকর্তা, কর্মচারী, খেলোয়াড় কিংবা সাংবাদিক হতে হবে না। তবে বোর্ডের উঁচু বা মাঝারি কোনো কর্মকর্তার সঙ্গে থাকতে হবে নিবিড় যোগাযোগ অথবা স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক। তাঁর কাছে ছবি আর ভোটার আইডির ফটোকপি দিয়েই ক্রিকেট বোর্ডের কোনো ভুয়া পরিচয়ে কার্ড বানাতে পারবেন। সেটি গলায় ঝুলিয়ে দেখে ফেলতে পারবেন পুরো সিরিজটাই। বিস্ময়কর হলেও সত্যি, এ অনিয়মের কথা অবলীলায় স্বীকার করছেন বিসিবির সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরাও।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ‘সদস্য’ পরিচয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের অ্যাক্রেডিটেশন কার্ড পেয়েছেন এবার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ওঠা মাতুয়াইল ক্রিকেট একাডেমির সভাপতি শাহনিয়ান তানিম হাসান ও সহসভাপতি মসিউর আলম। দুজনের কার্ডের নিচেই লেখা ‘অর্গানাইজিং কমিটি’, মানে সিরিজের আয়োজক কমিটিতে তাঁরা আছেন। অথচ পরিচয়টা পুরোপুরি ভুয়া। তাঁরা সদস্য নন গেম ডেভেলপমেন্ট কমিটিরও। চেয়ারম্যান খালেদ মাহমুদ এবং সদস্যসচিব সাইফুল ইসলাম ভূঁইয়া ছাড়া এই কমিটিতে যে এখন কোনো সদস্যই নেই!
কীভাবে তাঁরা কার্ড পেলেন এটি বলতে পারেননি খোদ গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ, ‘আমাদের কমিটিই এখনো চূড়ান্ত নয়। একটা খসড়া কমিটি হলেও তাতে কিছু পরিবর্তন আনা হবে। কারা কীভাবে এই কমিটির সদস্য হিসেবে কার্ড পেল, আমি জানি না।’ পরশু মুঠোফোনে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল গেম ডেভেলপমেন্ট কমিটির ‘সদস্য’ পরিচয়ে কার্ড পাওয়া মসিউর আলমের কাছেও। প্রথমে নিজেকে গেম ডেভেলপমেন্ট কমিটির সদস্য পরিচয় দিলেও পরে বলেছেন, ‘আমার বন্ধু শাহনিয়ানের বাবার মাধ্যমে আমি কার্ড পেয়েছি। তবে উনি কীভাবে কার্ড করেছেন তা আমি বলতে পারব না।’ মসিউরই জানিয়েছেন, তিনি তাঁর কার্ডটি সংগ্রহ করেছেন গেম ডেভেলপমেন্ট কমিটির মেম্বার সেক্রেটারি সাইফুল ইসলামের কাছ থেকে।
জানা গেছে, কমিটি-প্রধানকে না জানিয়েই টিকিট অ্যান্ড সিটিং কমিটির কাছে ওই দুজনের কার্ড করার সুপারিশ করেন সাইফুল। মুঠোফোনে তিনি তা স্বীকারও করেছেন, ‘তাঁরা কমিটির সদস্য নন। তবে নতুন কমিটিতে তাঁদের আসার সম্ভাবনা আছে।’ যদিও জানা গেছে, অনুমোদনের অপেক্ষায় থাকা ১১ সদস্যের খসড়া কমিটিতেও ওই দুজনের নাম নেই। এখানে সাইফুলের স্বার্থটা পরিষ্কার। ক্লাব মাতুয়াইল ক্রিকেট একাডেমি আসলে সাইফুলেরই ক্লাব। শাহনিয়ান ও মসিউর সেটার পৃষ্ঠপোষক।
এটা একটা মাত্র উদাহরণ। বিসিবির অন্যান্য কমিটির মাধ্যমেও প্রতি সিরিজে অসংখ্য ভুয়া কার্ড দেওয়ার অভিযোগ আছে। এবার যেমন ক্রিকেট পরিচালনা কমিটিতে অস্তিত্বহীন ‘চিফ কো-অর্ডিনেটর’ পদের জন্য কার্ড ইস্যু হয়েছে। কমিটির প্রধান সাংসদ নাঈমুর রহমানের অবশ্য দাবি, ‘এর সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির কোনো সম্পর্ক নেই। তিনি আমার পার্সোনাল কো-অর্ডিনেটর হিসেবে কার্ড পেয়েছেন। ক্রিকেট বোর্ডের পরিচালকের বাইরেও আমার অন্য পরিচয় আছে। আমার দু-একজন সহকারী থাকতেই পারে।’ ক্রিকেট পরিচালনা কমিটিতে সম্পৃক্ত না থেকেই এই কমিটির সুপারিশে কার্ড পেয়েছেন অনেকে। অভিযোগ স্বীকার করে নাঈমুর রহমানের ব্যাখ্যা, ‘এ রকম কিছু কার্ড যে আমরা দিই, সেটা অস্বীকার করব না। ক্রিকেট বোর্ডের কাজেই অনেকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, খেলার সময়ও বোর্ডে আসতে হয়। সে জন্যই কার্ড দেওয়া।’
ভুয়া কার্ডের দায় এড়িয়ে যেতে চাইলেন বিসিবির টিকিট ও সিটিং কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিক, ‘সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান, মেম্বার সেক্রেটারিরাই ঠিক করে দেন কারা কার্ড পাবে। তাঁদের সুপারিশের ভিত্তিতে আমরা কার্ড ইস্যু করি।’ চলতি বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে প্রায় ২৯০০ অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছে জানালেও কাদের জন্য কত কার্ড, তা জানাতে পারেননি মল্লিক, ‘কারা কত কার্ড পেয়েছে বলতে পারব না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদাপোশাকধারী সদস্যরা সর্বোচ্চ সাত শর মতো কার্ড পান। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচ শর মতো কার্ড দেওয়া হয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে।’
দ্বিপাক্ষিক সিরিজের জন্য এত বেশি কার্ড দেওয়াটাকে অযৌক্তিক মনে করেন তিনিও। তাহলে কেন বন্ধ করা হচ্ছে না এই অনিয়ম? মল্লিকের ব্যাখ্যা, ‘এই প্রথা চালু হয় ২০১১ বিশ্বকাপে। বড় টুর্নামেন্ট বলে স্বাভাবিকভাবেই তখন একটু বেশি লোক লেগেছিল, দ্বিপাক্ষিক সিরিজে সেটার দরকার নেই। তার পরও অলিখিত নিয়ম হয়ে যাওয়ায় এটা বন্ধ করা যাচ্ছে না। কাউকে কার্ড না দিলেই শুরু হয় অসহযোগিতা।’
তাহলে কি কখনোই বন্ধ হবে না এই অনিয়ম? বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর আশ্বাস, ‘এ রকম কিছু ঘটে থাকলে আমরা অবশ্যই তা খতিয়ে দেখব।’