চাকরি গেল অ্যালেগ্রির

এমনিতেই চলতি মৌসুমে সিরি ‘আ’তে এসি মিলানের দুর্দশা লেগেই আছে। এর ওপর আবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে গতকাল রাতে তারা ৪-৩ ব্যবধানে হেরেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সাসসুয়োলোর কাছে। পয়েন্ট টেবিলে রোজোনেরিদের অবস্থান ১১! এমন অবস্থায় সাধারণত ক্লাব ব্যবস্থাপনা কাউকে না কাউকে ‘বলির পাঁঠা’ বানায়। এসি মিলানও পেয়ে গেছে একজন। তিনি আর কেউ নন, দলের কোচ স্বয়ং, মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। মৌসুমের মাঝপথেই বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে তাঁর হাতে।
অ্যালেগ্রির বরখাস্ত প্রসঙ্গে মিলান কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জরুরি ভিত্তিতে এসি মিলানের কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও তাঁর সহকারীদের বরখাস্ত করেছে। এখানে কাজ করার জন্য মি. অ্যালেগ্রি ও তাঁর সহকারীকে ধন্যবাদ জানাচ্ছে এসি মিলান। কর্মক্ষেত্রে আমরা তাঁদের সাফল্য কামনা করি। দলের আপত্কালীন কোচ হিসেবে কাজ করবেন মাউরো তাসোত্তি।’
৪৬ বছর বয়সী অ্যালেগ্রি সানসিরোতে আসেন ২০১০-এর জুনে। এসেই তাক লাগিয়ে দেন এ ইতালিয়ান। ওই মৌসুমেই সিরি ‘আ’ জেতে রোজোনেরিরা। ব্যস, ওই পর্যন্তই। এরপর আর কোন বড় সাফল্য আসেনি মিলানের ঘরে। চলতি মৌসুমে ১৯ ম্যাচে মিলানের পয়েন্ট ২২। পেশাদার ফুটবলে সাফল্যই চূড়ান্ত কথা। আর সেখানেই নীরব অ্যালেগ্রি! ফলে সান সিরো থেকে তাঁর বিদায় ঘণ্টা যেন আগেই বেজে গিয়েছিল। রয়টার্স।