চাকরি নেই কার্লেভিচের
মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হলো। খুদে বার্তাও পাঠানো হলো। কিন্তু কিছুতেই সাড়া পাওয়া গেল না জোরান কার্লেভিচের। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সার্বিয়ান কোচকে পাওয়া যাবে কীভাবে, তিনি তো দলেরই দায়িত্বে নেই! নবাগত ক্লাবটির সঙ্গে সম্পর্কচ্ছেদের শুধু আনুষ্ঠানিকতাই বাকি।কাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ লিগের প্রথম ম্যাচে তাই শেখ জামালের ডাগ-আউটে দেখা গেল মোহাম্মদ পনির ও বিকেএসপির ‘বি’ লাইসেন্সধারী কোচ মোহাম্মদ রফিকে। আবাহনীর বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে খেলা ছাপিয়ে ঘুরেফিরে উঠে এল কোচ বরখাস্তের প্রসঙ্গ।খেলা শেষে মাঠ থেকে শুকনো মুখে বেরিয়ে আসছিলেন তৌহিদুল আলম (সবুজ)। কোচের ব্যাপারে মুখে যেন কুলুপ এঁটেছেন শেখ জামালের স্ট্রাইকার, ‘আমি কিছু বলতে পারব না।’ একই কথা অধিনায়ক আমিনুল হকেরও। তবে বিষয়টা পরিষ্কার করতে মুখপাত্র হিসেবে এগিয়ে এলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদের, ‘হ্যাঁ, কার্লেভিচের সঙ্গে আমাদের বনিবনা হচ্ছিল না। এ জন্য উনি কালই (আজ) চলে যাবেন। দেখি, আমরা শিগগিরই আরেকজন ভালো কোচ আনব, ইনশাআল্লাহ।’প্রধান কোচ নেই। মাঠেও যেন সেটারই প্রতিফলন। এলোমেলো দেখাল শেখ জামালকে। তবে তা মানতে চাইলেন না মনজুর কাদের, ‘না, কোচ তো আর মাঠে এসে খেলবেন না। এসব কারণে মোটেও খেলা প্রভাবিত হয়নি।’ তাঁর দাবি, কোচ ছাড়া ভালোই খেলেছে শেখ জামাল।কী এমন ঘটল লিগ শুরুর আগেই চলে যেতে হলো কার্লেভিচকে? ভেঙে বললেন না মনজুর কাদের, ‘অনেক কারণেই কোচ চলে যেতে পারেন। তার সঙ্গে চুক্তি নিয়ে মনোমালিন্য হতে পারে, হতে পারে আর্থিক বিষয় নিয়েও।’ জাতীয় দলের প্রায় সব খেলোয়াড় দলে টানার পর আর্থিক কারণে মনোমালিন্য—ব্যাপারটি অবশ্য রহস্যময়ই ঠেকছে অনেকের কাছে। খোঁজ নিয়ে জানা গেছে, কোচের সঙ্গে কর্মকর্তাদের দূরত্ব সৃষ্টি বেশ কিছুদিন আগেই। পরশু বুয়েট মাঠে অনুশীলনের সময়ও একটা প্রচ্ছন্ন আভাস পাওয়া যাচ্ছিল সেটার। কোন খেলোয়াড়কে খেলাবেন আর কাকে বাদ দেবেন, সে ব্যাপারে স্বাধীনভাবে নাকি কাজ করতে পারছিলেন না কার্লেভিচ।গত ফেডারেশন কাপের ফাইনালে এই শেখ জামালকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতেছে আবাহনী। কিন্তু কাল জয়ের সেই ক্ষুধাটা সেভাবে প্রকাশ পেল না আকাশি-নীলদের। আবাহনীর ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি মোটেও খুশি নন, ‘খেলোয়াড়েরা মিস করেছে অনেক। ফিনিশিং মোটেও ভালো ছিল না।’