চাকরি যাচ্ছে না ম্যারাডোনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ মৌসুমের অর্জনের খাতা শূন্য। আল ওয়াসলেকে ছোট-বড় কোনো শিরোপাই এনে দিতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টাইন কিংবদন্তির পারফরম্যান্সে নাকি প্রচণ্ড হতাশ ক্লাবের নবগঠিত পরিচালনা পর্ষদ। গতকাল রোববার খবর বেরোয়, বহিষ্কার করা হচ্ছে ডিয়েগো ম্যারাডোনাকে। তবে আল ওয়াসলের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আহমাদ বিন ফাহাদ ম্যারাডোনাকে বহিষ্কার করার খবর উড়িয়ে দিয়েছেন।‘আল ওয়াসলে ক্লাবের প্রধান কোচ ম্যারাডোনা। আমাদের সঙ্গে তাঁর আরও এক বছরের চুক্তি রয়েছে। আগামী মৌসুমেও এখানেই থাকবেন ম্যারাডোনা। তাঁর পদে কোনো পরিবর্তন আসছে না। এ ব্যাপারে এর বেশি কিছু বলার নেই আমার।’ সাংবাদিকদের বলেছেন বিন ফাহাদ।গোল ডটকমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটারে এক বার্তায় আল ওয়াসলে ক্লাবও ম্যারাডোনার চাকরি না যাওয়ার খবরটি নিশ্চিত করেছে। টুইটার বার্তায় বলা হয়, কোচ হিসেবে ম্যারাডোনাকে বহিষ্কার করার খবরটি সত্য নয়।আল ওয়াসলের প্রেসিডেন্ট শেখ আহমেদ বিন রশিদ আল মাখতুম সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে জানিয়েছিলেন, আগামী মৌসুমে ভালো করার জন্য ক্লাবে বড় ধরনের পরিবর্তন আনার পক্ষে তিনি।আল মাখতুম বলেন, ‘ক্লাবে পরিবর্তন আনতে নতুন কমিটিকে পরামর্শ দিয়েছিলাম আমি। ভুলে গেলে চলবে না, আগামী মৌসুমটা আমাদের জন্য আরও বেশি কঠিন হবে। শিরোপার জন্য এবারের চেয়ে বেশি দল লড়াই করবে।’আল ওয়াসলের প্রেসিডেন্ট বলেন, ‘লিগে অষ্টম স্থান এক কথায় অগ্রহণযোগ্য। এমন ফল হবে, কখনো ভাবিনি আমরা। গত মৌসুমে সেরা চারে থাকার লক্ষ্য ছিল আমাদের। এই বাজে পরিস্থিতি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সমর্থকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ তাঁদের প্রাপ্যটা আমরা দিতে পারিনি ।’