চাকরি হারালেন মাত্তেও
রোমান আব্রামোভিচের প্রিয় খাবার কী, কে জানে! তবে তিনি সবচেয়ে বেশি খেতে ভালোবাসেন কোচের চাকরি! ২০০৩ সালে ক্লাব কেনার পর এ নিয়ে সাতজন কোচের চাকরি খেয়ে ফেললেন চেলসির মালিক। সেই ‘আনলাকি সেভেন’-এর নাম রবার্তো ডি মাত্তেও, মাত্রই ছয় মাস আগে চেলসিকে ক্লাব ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন যিনি।আন্দ্রে ভিলাস-বোয়াস ছাঁটাই হওয়ার পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। আব্রামোভিচের পরম আরাধ্য ট্রফিটাই শুধু নয়, ডি মাত্তেও জিতিয়েছিলেন এফএ কাপও। তারই পুরস্কার হিসেবে গত জুনে স্থায়ী নিয়োগ পান। সেই ডি মাত্তেওকেই মৌসুমের প্রথম ভাগেই তল্পিতল্পা গুটিয়ে নিতে হচ্ছে। তাঁর জায়গায় কণ্টকাকীর্ণ এই আসনে কে বসছেন, সেটা এখনো জানা যায়নি। আব্রামোভিচের প্রথম পছন্দ অবশ্যই পেপ গার্দিওলা। এই রুশ ধনকুবের বার্সেলোনার সাবেক কোচকে চান বলেই ডি মাত্তেওকে এক বছরের মেয়াদে দেওয়া হয়েছিল চুক্তি। কিন্তু গার্দিওলা তাঁর ছুটির মেয়াদ কমিয়ে চেলসির দায়িত্ব নিতে রাজি হবেন কি না, সেটি নিশ্চিত নয়। এএফপি।