চাকরি হারালেন রানিয়েরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১০ ম্যাচে নয় জয় দিয়ে দলকে তুলে এনেছিলেন চারে। তখন তাঁর মুখে শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও। কিন্তু গত দুই মাসে আবারও ইন্টার মিলান ব্যর্থতার বৃত্তে ঢুকে পড়ে। ইতালিয়ান লিগে সর্বশেষ ১০ ম্যাচে মাত্র এক জয়। ফলাফল—নিয়োগের ছয় মাসের মাথায় চাকরি হারালেন ক্লদিও রানিয়েরি। পয়েন্ট টেবিলের আটে নেমে গিয়ে আগামী চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে যাওয়াতেই তাঁকে ছাঁটাই করল ইন্টার। যুবদলের কোচ আন্দ্রিয়া স্ত্রামাচ্চিওনি স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর। এই মৌসুমে স্ত্রামাচ্চিওনি ইন্টারের তৃতীয় কোচ।এমনিতে কোচ ছাঁটাইয়ের ব্যাপারে বেশ ‘সুনাম’ আছে মাসিমো মোরাত্তির। ইন্টারের সভাপতি হওয়ার পর গত ১৭ বছরে ১৭ কোচ এসেছেন ক্লাবটিতে। ক্লাবে গড়ে এক বছর আয়ু ছিল একেক কোচের। মোরাত্তি কিন্তু রোববার জুভেন্টাসের কাছে ২-০ গোলে হেরে যাওয়ার পরও বলেছিলেন, এই মৌসুমটা চালিয়ে যাবেন রানিয়েরি। কিন্তু পরের দিনই এল তাঁর ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এই মৌসুমে সিরি ‘আ’তেও কোচ ছাঁটাইয়ের হিড়িক চলছে। রানিয়েরিসহ চাকরি হারিয়েছেন ১৬ জন। এএফপি।