চাকরিটা পেলেন না ওয়াকার
ক্রেইগ ম্যাকডারমট অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে। গত মে মাস থেকে এখন পর্যন্ত পদটা খালি পড়ে আছে। ওয়াকার ইউনুস চেয়েছিলেন ম্যাকডারমটের জায়গাটা পূরণ করতে। কিন্তু ওয়াকারকে কোচের চাকরিটা দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। খবরটা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই কোচ নিজেই।‘আমি আগ্রহী ছিলাম। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমার আলোচনাটি সফল হয়নি।’ ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন ৪০ বছর বয়সী ওয়াকার।পাকিস্তানি দৈনিক ‘ডন’ পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, ওয়াকার এখন থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। এ কারণেই পাকিস্তানের দায়িত্ব ছাড়ার পর অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ দেখান তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া তাঁর আগ্রহের প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি। এ অবস্থায় নিজের ভবিষ্যত্ কী হবে—এমন প্রশ্নে ওয়াকার জানান, শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের একটি দলের কোচ হিসেবে কাজ করবেন তিনি। এরপর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকবেন টিভি ধারাভাষ্যকার হিসেবে। গত বছরের আগস্টে পাকিস্তান দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ওয়াকার। তবে বোর্ড বা কারও সঙ্গে দ্বন্দ্বের জের নয়, ওয়াকার দাবি করেন, একান্ত ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যগত সমস্যাও।গত বছরের ২০ আগস্ট করাচিতে এক সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, ‘গত সপ্তাহে আমি বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। বোর্ড আমার পদত্যাগ অনুমোদন করেছে। জিম্বাবুয়ে সফরেই শেষবারের মতো দায়িত্ব পালন করব আমি।’ কিন্তু কেন হঠাত্ পদত্যাগ? এ প্রশ্নে ওয়াকার বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। কারও সঙ্গে আমার বিবাদ নেই।’ওয়াকার পাকিস্তান দলের দায়িত্ব পান ২০১০ সালের মার্চে। কিন্তু সময়টা ভালো কাটেনি তাঁর। লর্ডস টেস্টে তিন ক্রিকেটারের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, দলের হোটেল থেকে উইকেটরক্ষক জুলকারনাইন হায়দারের পদত্যাগ, দল নির্বাচন নিয়ে শহীদ আফ্রিদির সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব, একপর্যায়ে আফ্রিদির অবসর, পাকিস্তান দলের বাজে পারফরম্যান্স—অল্প সময়ে অনেক ঘটনার সাক্ষী হয়ে আছেন ওয়াকার।