চাচার জন্য চা নেবেন অ্যালিসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালিসা হিলি
অ্যালিসা হিলি

বিখ্যাত চাচা ১৯৯৯ সালে যখন শেষ টেস্টটা খেলছেন, ছোট্ট মেয়েটি টিভিতে দেখছিল। বয়স তখন মাত্র ৯। ক্রিকেটের অলিগলি তেমন বোঝে না। তবে বুঝত চাচা ইয়ান হিলি ইতিহাস গড়ে খুলে রাখছেন গ্লাভস জোড়া। টেস্ট ক্রিকেটে সেই সময়ের সর্বোচ্চ ডিসমিসালের মালিকের ভাইঝি তত দিনে নিজের হাতেও গলিয়ে নিয়েছে ক্রিকেট গ্লাভস!
সেই মেয়েটিই আজ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উইকেটকিপার। যোগ্য চাচার যোগ্য ভাইঝি অ্যালিসা হিলি চান চাচার নাম রাখতে। চাচার মতো বিখ্যাত হওয়ার সুযোগ হয়তো নেই নারী ক্রিকেটার বলে। তবে লোকে যেন ‘ওই যে ইয়ান হিলির ভাইয়ের মেয়ে’ বলে সম্মান দেখায়, এটাই চাইছেন ২৪ বছরের তরুণী।
ইয়ান হিলিদের তিন ভাইয়ের সবার বড় অ্যালিসার বাবা গ্রেগ। তারপর ইয়ান। ছোটজন কেনেথ। অ্যালিসার বাবা এবং ছোট চাচা খেলেছেন কুইন্সল্যান্ডের হয়ে। মানে তিন ভাই-ই ক্রিকেটার। অ্যালিসার শরীরে তাই ক্রিকেটেরই রক্ত।
এই পরিবারে চারজন উইকেটকিপার! ইয়ান হিলি, তাঁর ছেলে এবং মেয়ের ছেলে মানে নাতি। ওরা উইকেটকিপিং করছে কুইন্সল্যান্ডের বয়সভিত্তিক দলে। অ্যালিসা তো আন্তর্জাতিক পর্যায়ে কাটিয়ে দিলেন কয়েক বছর, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে অভিষেক ২০১০ সালে। পরের বছরই টেস্ট অভিষেক।
বড় এই স্বপ্নের পথে অ্যালিসাকে টেনে এনেছেন চাচা ইয়ান হিলি। চাচার কিপিং দেখতেন, গ্লাভস নাড়াচাড়া করতে করতে মনে বীজ বোনেন উইকেটকিপার হবেন। অস্ট্রেলিয়ায় স্কুলপর্যায়ে মেয়ে হিসেবে খেলেছেন ছেলেদের সঙ্গে! ‘আমি সত্যিই সৌভাগ্যবান, চাচাকে দেখে বড় হয়েছি। আমার উইকেটকিপিং জীবনে চাচার অনেক প্রভাব’—বলছিলেন অ্যালিসা।
এই টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যালিসার উইকেটকিপিং করার সুযোগ এল কাকতালীয়ভাবে। দলের নিয়মিত অধিনায়ক উইকেটকিপার জোডি ফিল্ডস চোটের কারণে দল থেকে ছিটকে পড়ায় ডাক এল তাঁর। সিলেটে আসার আগে পেয়েছেন চাচার শুভকামনা, ‘ভালো খেল মা!’ এখানে এসে চাচার সঙ্গে কথা না হলেও তাঁকে মনে পড়ে। কাল সকালে সিলেটের চা-বাগান দেখতে বেরোনোর আগে হোটেল লবিতে কথা বলার সময় জানালেন, ‘চাচা চা পছন্দ করেন। তাঁর জন্য সিলেটের চা নিয়ে যাব।’
চাচা থাকেন কুইন্সল্যান্ডে, ভাইঝি নিউ সাউথ ওয়েলসে। চাচার সঙ্গে শেষ দেখা হয়েছে মেয়েদের সর্বশেষ অ্যাশেজ সিরিজে, ইয়ান হিলি ছিলেন টিভি ধারাভাষ্যকার। চাচা-ভাইঝির সম্পর্কটা বেশ মধুর।
ছোটবেলায় অবশ্য অ্যালিসাকে প্রথম ক্রিকেট গ্লাভস দিয়েছিলেন দাদি। প্রথম ক্রিকেট ব্যাট দেন বাবা, যিনি স্কোয়াশ, টেনিসও ভালো খেলতেন। অ্যালিসার মাও তা-ই। মা-বাবার একমাত্র সন্তান এই নারী ক্রিকেটারের ক্রিকেট-হিরো কিন্তু মাইক হাসি।
তবে উইকেটকিপার হিসেবে চাচাই বড় আদর্শ, ভালো লাগত অ্যাডাম গিলক্রিস্টকেও। সিডনিতে মেরিন বায়োলজি পড়ুয়া মেয়েটি বিয়ে করতে যাচ্ছেন যাঁকে, তিনিও একজন ক্রিকেটার, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশেই খেলতে আসা অস্ট্রেলীয় পেসার মিচেল স্টার্ক।