চান্ডিমালকে নির্বাচকদের 'মুক্তি'
নির্বাচকদের ঘোষণাটি একদিক থেকে হয়তো স্বস্তি হয়েই এসেছে দীনেশ চান্ডিমালের জন্য। অধিনায়ক হয়েও ফর্ম হারিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন একাদশ থেকে। ভারপ্রাপ্ত অধিনায়কের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে দল। কিন্তু কাগজে-কলমে নিয়মিত অধিনায়ক তো তিনিই! এই অস্বস্তি থেকে চান্ডিমালকে মুক্তি দিয়েছেন নির্বাচকরা, সরিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে। তিন ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে বিশ্বকাপ জেতানো লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার ‘নতুন’ টি-টোয়েন্টি অধিনায়ক। মালিঙ্গার ডেপুটি লাহিরু থিরিমান্নে, ডেপুটি তিনি অ্যাঞ্জেলো ম্যাথুসেরও। চান্ডিমালের বদলে টেস্ট ও ওয়ানডের সহ-অধিনায়কত্বও দেওয়া হয়েছে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
শ্রীলঙ্কার সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে গত বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব পেয়েছিলেন চান্ডিমাল। তাঁর নেতৃত্বে দল র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও নিজের ফর্ম ছিল বাজে। ১২ ম্যাচে ১১ গড়ে রান মাত্র ৮৮, সর্বোচ্চ ২২! ম্যাথুসের ডেপুটি হওয়ার পর ওয়ানডেতেই ফর্ম ছিল পড়তির দিকে। ৩০ ম্যাচে ফিফটি মাত্র দুটি, গড় ২৫.৫৫। এই সময়ে থিরিমান্নে হয়ে উঠেছেন দলের অন্যতম ব্যাটিং ভরসা। এশিয়া কাপ জয়ে হয়েছেন টুর্নামেন্ট-সেরা।
নেতৃত্ব হারালেও দলে জায়গা ধরে রেখেছেন চান্ডিমাল। ইংল্যান্ড সফরে আগামী ৬ মে ওভালের টি-টোয়েন্টি দিয়ে জয়াবর্ধনে-সাঙ্গাকারা উত্তর যুগে প্রবেশ করবে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল। বিশ্রাম দেওয়া হয়েছে বিশ্বজয়ের অন্যতম নায়ক রঙ্গনা হেরাথকে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, কিথুরুয়ান ভিথানাগে, আশান প্রিয়াঞ্জন, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, চতুরঙ্গ ডি সিলভা, সাচিত্রা সেনানায়েকে, সুরঙ্গা লাকমল, সিকুগে প্রসন্ন, অজন্তা মেন্ডিস।