চাপ নাকি উপভোগের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর কাছে চাপের অর্থটা ভিন্ন। এই যে কাল শেরাটন হোটেলে এত ক্যামেরা, এত আলো, বিশ্বকাপের ‘অফিশিয়াল’ আমেজ—তামিম ইকবাল কিন্তু এতটুকু চাপপিষ্ট নন। ব্যাটিংটা যেমন সহজ, কথা বলাটাও কি সহজ তাঁর মুখে!অবাক না হয়ে তামিমের চাপ-তত্ত্বটা আগে শুনুন, ‘চাপকে আমি একটু অন্যভাবে নিই। চাপ আসা মানে কিন্তু আপনি ভালো কিছু করছেন। খারাপ করলে চাপ আসত না। এই জিনিসটাকে আমি উপভোগই করি।’ কাজেই ভারত, বীরেন্দর শেবাগ কিংবা বিশ্বকাপ, কোনোটাই তামিমের কাছে চাপ নয়! চেহারায় দুষ্টু হাসি ফুটিয়ে উল্টো চাপটাকে প্রবাহিত করলেন প্রথম ম্যাচের প্রতিপক্ষের দিকে, ‘ভারতের সঙ্গে খেলতে আলাদা মজা লাগে, ভারতকে হারানোর মজাই আলাদা। আমি নিশ্চিত, চাপ জিনিসটা আমাদের চেয়ে ওদের মাথায় বেশি কাজ করবে। অনেক বড় বড় খেলোয়াড় অনেক বড় বড় কথা বলতে পারে। কিন্তু তারা একটু চিন্তা করলেই বুঝতে পারবে চাপে আসলে কারা। আমাদের হারানোর কিছু নেই, তাদের হারানোর অনেক কিছুই আছে।’বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করতে চায়। তবে সেই চাওয়া পূরণ করতে সবাই যেন তাকিয়ে দুজনের দিকে। একজন এই তামিম, আরেকজন সাকিব আল হাসান। সাকিব একটু সংশোধনী দিলেন, শুধু তামিম বা সাকিবে হবে না। অন্য কোনো দল দুজন ভালো খেললেই লক্ষ্য পূরণ করে নেবে। কিন্তু বাংলাদেশকে ভালো খেলতে হলে পাঁচ-ছয়জনকে ভালো খেলতে হবে।কাকতালীয় ব্যাপার, যে দুজনকে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতো বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য তারকা ভাবছেন সতীর্থরাও, তাঁরা আবার দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক! চাপ-তত্ত্বের মতো তামিমের আছে সহ-অধিনায়কত্ব নিয়েও তত্ত্ব, ‘আমি মনে করি না মাঠে সহ-অধিনায়কের খুব বেশি দায়িত্ব আছে। এটা নির্ভর করে অধিনায়কের ওপর।’ সাকিব খুব কাছের বন্ধু হওয়ায় তাঁর চিন্তাভাবনাটা বুঝতে পারেন তামিমও। যেমন জানেন সাকিব সবকিছু নিজের মতো করে ভাবতে এবং করতে ভালোবাসেন। তামিম তাই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, ‘যতক্ষণ ও আমার কাছে হেল্প না চাইছে, আমি যেচে কিছু করব না। সে ক্ষেত্রে হেল্প করতে গিয়ে জিনিসটা আরও নষ্ট হবে। তবে হেল্প দরকার হলে আমি সব সময়ই আছি।’হ্যাঁ, বিশ্বকাপে তামিমকে ‘সব সময়’ই থাকতে হবে। মাঠ এবং মাঠের বাইরেও।