ইংলিশ ফুটবলের জন্য এ এক অদ্ভুত সময়। বড় একটি টুর্নামেন্ট দরজায় কড়া নাড়ছে। অথচ ইংল্যান্ড দলকে নিয়ে হইচই দূরের কথা, তেমন আলোচনাই নেই! প্রতিবারই প্রত্যাশার বেলুন ফুলিয়ে বিশ্বকাপ-ইউরোর মতো টুর্নামেন্টগুলোয় যায় ইংল্যান্ড, ফেরে ফুটো বেলুন নিয়ে। এবার উল্টো। মাঠের বাইরের নানা ঘটনায় ইংল্যান্ডকে নিয়ে কোনো আশাই দেখছে না সমর্থকেরা কিংবা অত্যুৎসাহী ইংলিশ মিডিয়া। তবে প্রত্যাশার এই চুপসানো বেলুনেই সম্ভাবনার ইঙ্গিত দেখছেন স্টিভেন জেরার্ড। চাপ না থাকাটাই নাকি বের করে আনতে পারে ইংল্যান্ডের সেরাটা!কাগজে-কলমে প্রায় প্রতিটি টুর্নামেন্টেই অন্যতম ফেবারিট থাকে ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত থেকে যায় কাগুজে বাঘ। গত বিশ্বকাপেও ছিল চিরচেনা সেই ছবি। দুর্দান্ত এক দল, পরীক্ষিত কোচ। তার পরও খুঁড়িয়ে খুঁড়িয়ে গ্রুপ পর্ব পার হয়ে দ্বিতীয় রাউন্ডে উড়ে গেছে (৪-১) চিরশত্রু জার্মানদের কাছে। বিশ্বকাপের দুঃসহ স্মৃতি একটু বেশিই যন্ত্রণা দেওয়ার কথা জেরার্ডকে। চরম ব্যর্থ মিশনের দলনেতা ছিলেন যে তিনিই! এবারও অধিনায়কের আর্মব্যান্ড থাকবে লিভারপুল অধিনায়কের হাতেই। তবে এবার ইংলিশদের আকাশসম প্রত্যাশা নেই। বর্ণবাদের অভিযোগে জন টেরির অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পর ফ্যাবিও ক্যাপেলোর দায়িত্ব ছেড়ে দেওয়া, দলে অন্তঃকলহের খবর, টুর্নামেন্ট শুরুর ঠিক আগে নতুন কোচ—সব মিলিয়ে ইংল্যান্ড যদি ইউরোতে গ্রুপ পর্ব পেরোতে পারে সেটাই হবে যথেষ্ট ভালো ফল। জেরার্ড মনে করছেন বিশ্বকাপ-দুঃস্বপ্নকে মাটিচাপা দেওয়ার সুযোগ এটাই, ‘দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপটা খুব কঠিন ছিল, কারণ আমরা ঠিকমতো পারফর্ম করতে পারিনি। দলটার সামর্থ্য যা ছিল, সে অনুযায়ী পারফর্ম করতে পারেনি কখনোই। ওটা ছিল হতাশাজনক। তবে ইউরো কোয়ালিফাইংয়ে দেখিয়েছি যে দল হিসেবে আমরা কতটা ভালো। মূল টুর্নামেন্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।’ইউরোতে এমনিতেই রেকর্ড সুবিধার নয় ইংলিশদের। ইংল্যান্ডই একমাত্র বিশ্বকাপজয়ী দল, যারা কখনো ইউরো জেতেনি। ১৯৬৮ সালে তৃতীয় হওয়াটাই সেরা সাফল্য। তবে অনুপ্রেরণার জন্য খুব বেশি দূরে যেতে হচ্ছে না জেরার্ডকে। সব হিসাব-নিকাশের বাইরে থেকেও কীভাবে শিরোপা জিততে হয়, সেটা কদিন আগেই দেখিয়েছে চেলসি। ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগে দেখিয়েছিল জেরার্ডেরই লিভারপুল। এই দুই উদাহরণই অনুপ্রেরণা ৩১ বছর বয়সী মিডফিল্ডারের, ‘কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে সব সময় সেরা দল না হলেও চলে। চেলসির দিকে তাকান, ২০০৫ সালে আমরা কী করেছিলাম, মনে করে দেখুন। কখনো কখনো বাস্তবতা বোঝা এবং খুব বেশি চাপ না থাকাটা ফুটবলারদের সাহায্য করে।’নতুন কোচ রয় হজসনকে নিয়ে হাজারো সংশয় খোদ ইংল্যান্ডেই। জেরার্ড নিজেও লিভারপুলে দেখেছেন হজসনের ব্যর্থতা। তবু হজসনে অগাধ আস্থা ইংলিশ দলপতির, ‘লিভারপুলে ওর সঙ্গে আমি খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিলাম। খুব কঠিন একটা সময়ে রয় লিভারপুলের দায়িত্ব নিয়েছিলেন, যখন বেশির ভাগ সমর্থক চাইছিল কেনিকে (ডালগ্লিস) ম্যানেজার হিসেবে। প্রথম দিন থেকেই তাই রয়ের কাজটা ছিল কঠিন। তবে আমি নিশ্চিত করতে পারি, উনি দারুণ একজন ম্যানেজার। আমার বিশ্বাস, ইংল্যান্ডের ম্যানেজার হিসেবে তিনি দারুণ সফল হবেন।’দলে অন্তঃকলহের গুজবও উড়িয়ে দিয়েছেন জেরার্ড। দল আবারও ব্যর্থ হলে কিন্তু জেরার্ডের কথা কেউ বিশ্বাস করবে না। নিজেকে সত্য প্রমাণ করতে হয়তো সামনে থেকেই নেতৃত্ব দিতে হবে ‘স্টিভি জি’কে! এএফপি।