চাপ নেইমারের ওপরেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ বছর বয়স কি খুব কম? ১৭ বছর বয়সেই যিনি বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়েছেন, সেই পেলে অন্তত এমনটি বলবেন না। তাঁর কাছে এটা বরং ঢের বেশি মনে হতে পারে!
১৯৫৮ সালে অভিষেক বিশ্বকাপেই আলো ছড়িয়েছিলেন পেলে। সে সময় ব্রাজিল দলে ছিলেন দিদি, ভাভারা। এই সময়ের অস্কার, ফ্রেডরা নেইমারকে যোগ্য সংগত দিতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তবে কোটি মানুষের স্বপ্নের ধারক নেইমারের কাজটা আরও কঠিন হয়ে যাচ্ছে অন্য একটি কারণে। বিশ্বকাপটা যে এবার নিজেদের মাঠে!
পেলে তাই মানছেন নেইমারের ওপর প্রত্যাশার চাপটা অনেক বেশি, ‘এটা নেইমারের প্রথম বিশ্বকাপ। কেউ জানে না কী হতে যাচ্ছে এখানে। আর নেইমারের চাপটা তো আসলে ওর একার সমস্যা নয়। কোনো সন্দেহ নেই এটা পুরো দলেরই সমস্যা। এবং দেশ ও জনগণের তো বটেই। সবাই এটা জিততে চায়।’
কিন্তু ব্রাজিলে বিশ্বকাপ বললেই তো ফিরে আসে ১৯৫০-এর স্মৃতি। সেই ‘মারাকানাজো’ এখনো রক্তক্ষরণ ঘটায় পেলের হূদয়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেও তীরে এসে সেবার তরি ডুবেছিল জিজিনহোদের। নেইমার কি জিজিনহোর মতো প্রত্যাশার ভারে নুয়ে পড়বেন? কাল প্যারিসে বিশ্বকাপ ট্রফির সফরে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পেলে আশাবাদী, ‘সবাই ভয় পাচ্ছে আবার সে রকম কিছু হবে কি না। তবে আমি মনে করি এবার অন্য কিছু হতে যাচ্ছে।’
বার্সেলোনায় আসাটা নেইমারের জন্য ভালো হবে বলেই বিশ্বাস ফুটবলসম্রাটের, ‘নেইমারের জন্য সবচেয়ে ভালো হয়েছে ইউরোপে, বিশেষ করে স্পেনে খেলতে আসা। অনেকটা যেন ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয়ে গিয়ে ব্রাজিলে ফিরে আসা। কারণ সে অভিজ্ঞতায় অনেক ঋদ্ধ।’
কিন্তু ব্রাজিলের পাশাপাশি আর কোন দেশের সম্ভাবনা আছে? জার্মানি, স্পেন, ইতালির নাম তো নিলেনই, পেলে আলাদা করে বললেন ‘ডার্ক হর্স’ চিলির কথা। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার নাম কিন্তু বলেননি! এএফপি।