চাপ সঙ্গী ইন্টারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসের মাথায় রাফায়েল বেনিতেজ চাকরি হারাচ্ছেন কি না, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজ। ইতালিয়ান সংবাদমাধ্যমের ভাষ্য সত্য বলে ধরে নিলে আজ চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়নরা শুধু টিকে থাকতেই নামছে না, স্প্যানিয়ার্ড বেনিতেজের জন্যও এটি চাকরি বাঁচানোর মিশন। প্রতিপক্ষ এফসি টোয়েন্টি, যে দলের সঙ্গে ২-২ গোলে ড্র করে এবারের চ্যাম্পিয়নস লিগ শুরু করেছিল ইন্টার।নিজেদের মাঠে খেলা, তার পরও ডাচ দলটিকে ভয় পাওয়ার যথেষ্ট কারণ ইন্টারের আছে। ইতালিয়ান চ্যাম্পিয়নরা যে পথহারা পাখি। লিগে গত চার ম্যাচে জয় নেই, সর্বশেষ ম্যাচে তো শিয়েভোর কাছে হারতেই হয়েছে। চ্যাম্পিয়নস লিগের গত ম্যাচেও হেরেছে টটেনহামের কাছে। আজ হারলে ইন্টার নেমে যাবে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে। শেষ ম্যাচটি তখন তাদের জন্য হয়ে যাবে বাঁচামরার লড়াই। অথচ এই ইন্টারকেই গতবার ‘ট্রেবল’ জিতিয়েছেন হোসে মরিনহো!অবশ্য নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগে গত ছয় ম্যাচই জেতা ইন্টার আজও ফেবারিট। জিতলেই দ্বিতীয় রাউন্ড। তার পরও একটু ধুকপুকুনি তো থাকবেই। বাকি বড় দলগুলো অবশ্য এতটা চাপে নেই। ড্র করলেও উঠে যাবে ম্যানইউ। জিতলেই নকআউট পর্বে বার্সেলোনা। অবশ্য অন্য ম্যাচে রুবিন কাজান হেরে গেলে ড্রতেও চলবে মেসিদের। এএফপি।