চাপ সবসময়ই ব্রাজিলের পিছু ধাওয়া করে: কাফু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমারদের ঠিক এই বেশেই দেখতে চান কাফু
নেইমারদের ঠিক এই বেশেই দেখতে চান কাফু

পঞ্চাশের ‘মারাকানাজো’ ট্র্যাজিডি আজও তাড়িয়ে বেড়ায় ব্রাজিলীয়দের। নিজের মাটিতে বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের বিপক্ষে যেখানে জিতলেই প্রথমবারের মতো ব্রাজিল পেয়ে যায় বিশ্বজয়ের স্বাদ, সেখানে উল্টো হেরে গিয়ে পুরো দেশকে কাঁদিয়েছিল ব্রাজিলীয় ফুটবলাররা। ঘরে মাঠে পূর্ববর্তী প্রজন্মের সেই অসহনীয় কষ্ট লাঘবের একটা সুযোগ ৬৪ বছর পর নেইমার-অস্কাররা পাচ্ছে বলেই ধারণা কাফুর।

২০০২ সালে কাফুর নেতৃত্বেই এসেছিল ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ-গৌরব। ব্রাজিলের অন্যতম সেরা এই রাইট ব্যাক মনে করেন, ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতে পঞ্চাশে পূর্ববর্তী প্রজন্মের সেই দুঃখ ভুলিয়ে দিতে পারে এই প্রজন্মের ফুটবলাররা। কিন্তু এবারও দল হিসেবে ব্রাজিল ব্যর্থ হলে কষ্টের বোঝাটা আরও ভারী হয়ে চেপে বসবে ব্রাজিলীয়দের কাঁধে।

এ ব্যাপারে যেন আকুতিই ঝরেছে কাফুর কণ্ঠে, ‘এবারের বিশ্বকাপটা হচ্ছে পঞ্চাশের দুঃখ ভুলিয়ে দেওয়ার একটা সুযোগ। কিন্তু প্রত্যাশা অর্জনে ব্যর্থ হলে দুঃখটা আরও ভারী হয়ে ব্রাজিলীয়দের কাঁধে চেপে বসবে।’

এক যুগ আগে পাওয়া ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ শিরোপার মিশনে কাফুর হাতে অধিনায়কের আর্মব্যন্ড থাকলেও এই রাইট ব্যাক সাধারণ সদস্য হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন চুরানব্বইয়েও। আটানব্বইয়ে দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও টানা তিনটি বিশ্বকাপ জেতার গৌরব হাত দিয়ে ছুঁয়ে দেখা হয়নি। দেশের হয়ে রেকর্ড ১৪২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ফুটবলার খুব ভালোভাবেই জানেন বিশ্বকাপ জেতা-না জেতার আনন্দ-বেদনার অনুভূতি।

ঘরের মাঠের বিশ্বকাপটা কী তাহলে বড় ধরনের চাপ হয়ে দেখা দেবে ব্রাজিলীয় ফুটবলারদের সামনে। কাফু অন্তত তেমনটা মনে করেন না, ‘আমার মনে হয় না এটা বড় কোনো চাপ। হ্যাঁ, ঘরের মাঠে প্রত্যাশাটা থাকবে অনেক বড়। কিন্তু এটাকে নেতিবাচক হিসেবে দেখার কোনো সুযোগ নেই।’

বিশ্বকাপে ব্রাজিল কখনোই দ্বিতীয় হতে যায় না। এটা নিজের অভিজ্ঞতা থেকেই জানেন, বোঝেন কাফু। এই প্রজন্মের ফুটবলারদের উদ্দেশেও তিনি ছড়িয়ে দিয়েছেন সেই বোধটাই, ‘বিশ্বকাপ জয় ব্রাজিলীয় ফুটবলারদের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেটা ঘরের মাঠেই হোক, কিংবা বিদেশে। ব্রাজিল কখনো বিশ্বকাপে দ্বিতীয় হতে যায় না। রানার্স আপ হওয়াটাও ব্রাজিলের জন্য বিরাট ব্যর্থতা।’

বিশ্বকাপে চাপ থাকেই। কাফু চাপের এই ব্যাপারটিকে দেখতে চান ঠিক এই ভাবে, ‘বিদেশে খেলতে গেলেও ব্রাজিলীয় ফুটবলারদের ওপর জেতার প্রত্যাশা থাকে। ঘরের মাঠে সেই প্রত্যাশা হয়তো বেড়ে যাবে কয়েকগুণ। চাপকে এভাবে দেখলেই কিন্তু হয়ে যায়। চাপ সবসময়ই ব্রাজিল ফুটবলারদের পিছু ধাওয়া করে।’ এএফপি।