চাপ সামলাতে প্রস্তুত গার্দিওলা
বায়ার্ন মিউনিখের কোচের দায়িত্ব নিয়ে খুব একটা চাপে থাকার কথা নয় পেপ গার্দিওলার মতো সফল কোচের। কিন্তু পরিস্থিতি তেমনটাই দাঁড়িয়েছে। চাপটা তৈরি করে দিয়ে গেছেন ইয়ুপ হেইঙ্কেস। গত মৌসুমে ইতিহাস গড়ে বায়ার্নকে প্রথমবারের মতো ট্রেবল জিতিয়েছেন এই জার্মান কোচ। এখন গার্দিওলার ওপর বর্তেছে এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষার ভার। পারবেন কি গার্দিওলা? ছোট্ট এই প্রশ্নটাই যেন প্রেশারকুকারে বসিয়ে দিচ্ছে বার্সেলোনার সাবেক এই সফল কোচকে। আজ আনুষ্ঠানিকভাবে বায়ার্নের কোচের দায়িত্ব নেওয়ার সময় এই চাপের কথাটা স্বীকারও করে নিয়েছেন গার্দিওলা।বার্সেলোনার মতো ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবে চারটি সফল বছর কাটিয়েছেন পেপ গার্দিওলা। জিতেছেন তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাঁর তত্ত্বাবধানে বার্সেলোনা নাকি খেলত অন্য গ্রহের ফুটবল। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চার বছর তিনি ছিলেন লা লিগার বর্ষসেরা কোচ। ২০১১ সালে ফিফার বর্ষসেরা কোচও মনোনীত হয়েছিলেন। সাফল্যের এই বিস্ময়কর পরিসংখ্যানের কারণেই হয়তো গার্দিওলাকে নিয়ে প্রত্যাশার পারদটাও অনেক ওপরে উঠেছে। আর এটাকে মোটেও অস্বাভাবিক মনে করছেন না তিনি। আজ এক সংবাদ সম্মেলনে সরাসরিই স্বীকার করেছেন কিছুটা চাপে থাকার কথা, ‘হেইঙ্কেসের সঙ্গে তুলনাটা আমাকে মেনে নিতেই হবে। অবশ্যই আমি কিছুটা চাপে আছি। কিন্তু আমি জানি, আমাকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে কোনো রকম ভয়ভীতি ছাড়াই। আর এ জন্যই আমি একজন কোচ।’২০১২ সালে বার্সেলোনার কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন গার্দিওলা। নতুন কোচ হিসেবে কোথায় যাবেন, এ নিয়ে অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে বায়ার্ন মিউনিখকেই নতুন ঠিকানা করেছেন এই স্প্যানিশ কোচ। বাভারিয়ানদের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তিন বছরের জন্য। রয়টার্স।