চাপকে জয় করে চূড়ায় মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ার-সেরা ওয়ানডে ইনিংসের পথে মুশফিকের আরও একটা শট। বিতর্ক পেছনে ফেলে ব্যাট হাতে কতটা দুর্দান্ত ছিলেন সেটির প্রমাণ পাশের ‘ওয়াগন হুইল’। বাংলাদেশ অধিনায়ক শট খেলেছেন উইকেটের চারপাশে । প্রথম আলো
ক্যারিয়ার-সেরা ওয়ানডে ইনিংসের পথে মুশফিকের আরও একটা শট। বিতর্ক পেছনে ফেলে ব্যাট হাতে কতটা দুর্দান্ত ছিলেন সেটির প্রমাণ পাশের ‘ওয়াগন হুইল’। বাংলাদেশ অধিনায়ক শট খেলেছেন উইকেটের চারপাশে । প্রথম আলো

মুশফিক যখন হেলমেট খুলছেন, নাসিরের দুহাত প্রসারিত। এগিয়ে আসছেন অধিনায়ককে আলিঙ্গন করতে। সতীর্থের বুকে আশ্রয় নিয়েই শুরু মুশফিকের উদ্যাপন। একটু পর যে হাসিটা দেখা গেল মুখে, অধিনায়কের মুখে অমন হাসি কত দিন দেখে না বাংলাদেশ!
গত মাস খানেক বাংলাদেশ ক্রিকেট পেরিয়েছে দুঃস্বপ্নের দিন, দুঃস্বপ্নের রাত। মাঠের ভেতরে বাজে পারফরম্যান্স। মাঠের বাইরে ঘটনার ঘনঘটা, যেগুলোর বেশির ভাগই নেতিবাচক। দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে শেষদিকে মাঠের বাইরের আলোচনার কেন্দ্রীয় চরিত্র অধিনায়ক নিজেও। বিতর্ক পেছনে ফেলার চাপের সঙ্গী প্রত্যাশার চাপ। কোটি কোটি দেশবাসীর দাবি—ভারতকে হারাতেই হবে! কাল যখন উইকেটে নামলেন, মাঠের বাইরের চাপের সঙ্গে জুড়ে বসেছে ক্রিকেটীয় চাপও। দলের রান পঞ্চাশ না ছুঁতেই নেই দুই উইকেট, রানের গতিও মন্থর। মিডল অর্ডারে দ্রুত রান তোলার কারিগর সাকিব নিষেধাজ্ঞার খাঁড়ায় মাঠের বাইরে, রানে নেই নাসির। উইকেটে সঙ্গী এনামুলের ব্যাটিংয়ে তখনো ভরসা খুঁজে পাওয়ার কোনো ইঙ্গিত নেই। রাজ্যের চাপ—চাপের মাত্রা বোঝানোর সর্বোচ্চ এই মাপকাঠিও যেন যথেষ্ট ছিল না। মুশফিক কী করলেন?
৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার মানুষটি হয়ে উঠলেন মহীরুহ। যে মহীরুহের ছায়ায় এনামুল খুঁজে পেলেন আত্মবিশ্বাস, রানরেটে এল গতি, দলের ইনিংস খুঁজে পেল দিশা। আর তিনি নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। আড়াই বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে হারারের ১০১ এত দিন ছিল ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি। কালকের ১১৭ তাই মুশফিকের ক্যারিয়ার-সেরা। সেরায় অবশ্য শুধু নিজেকে ছাড়াননি, ছাড়িয়েছেন সব পূর্বসূরিকেও! ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ১০৯ ছিল বাংলাদেশ অধিনায়কের সর্বোচ্চ ওয়ানডে ইনিংস। মুশফিক কাল উঠলেন নতুন চূড়ায়।
ছোটখাটো একটি নতুন চূড়া এনামুলের সঙ্গে ১৩৩ রানের জুটিটিও। ভারতের বিপক্ষে বাংলাদেশের আগের সর্বোচ্চ জুটি ছিল গত এশিয়া কাপের জয়ে তামিম ইকবাল ও জহুরুল হকের ১১৩। তৃতীয় উইকেট জুটির বাংলাদেশের রেকর্ডটি অবশ্য ভাঙতে পারেননি মুশফিক-এনামুল। তবে তাতে আক্ষেপ থাকতে পারে সামান্যই, রেকর্ডটি যে তাঁদের দুজনেরই! ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনায় তৃতীয় উইকেটে দুজন গড়েছিলেন ১৭৪ রানের জুটি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেই যেটি সব জুটি মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
রেকর্ডের অংশটুকু বাদ দিলেও, কালকের ইনিংসটি ছিল পরিস্থিতির দাবি মেটানো আদর্শ এক ওয়ানডে ইনিংস। প্রথম ঘণ্টা খানেক শট খেলার পথে পা বাড়ানইনি। ৩৬তম বলে মেরেছেন প্রথম বাউন্ডারি, সেটিও অশ্বিনের শর্ট বলে নিরাপদ এক ব্যাকফুট ড্রাইভে। আবার পার্ট টাইমার অম্বাতি রায়ডু যখন এসেছেন, ঠিকই ফায়দা নিয়েছেন এক ওভারে দুটি চার মেরে। এনামুলের ৬৭ বলে ছোঁয়া ফিফটিতে যখন ৩০ রানই বাউন্ডারি থেকে, মুশফিকের ৬৫ বলের ফিফটিতে বাউন্ডারির অবদান ছিল ১২! আবার ব্যাটিং পাওয়ার প্লেতে ঠিকই হাত খুলেছেন, প্রথম ওভারেই রবীন্দ্র জাদেজাকে উড়িয়েছেন প্রিয় স্লগ সুইপে। এনামুলকে ফেরানো বরুণ অ্যারনের এক ওভারেই নিয়েছেন ১৯। প্রতিপক্ষের সেরা বোলার মোহাম্মদ সামির ১০ বলে নিয়েছেন ২১, অ্যারনের ২৪ বলে ২৬। অ্যারনের বিমারেই পাঁজরে আঘাত পেয়ে ভূপাতিত হয়েছেন। তবে কাল মুশফিককে রুখবে, সাধ্যি ছিল কার! যন্ত্রণাকেই ভূপাতিত করে উঠে দাঁড়ালেন। ১০৪ বলে ছুঁলেন তিন অঙ্ক। কতটা কাঙ্ক্ষিত ছিল সেই সেঞ্চুরি, ফুটে উঠেছে স্বস্তি আর তৃপ্তি মেশানো উদ্যাপনেই। শেষ ওভারে সামির ফুলটসে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হয়ে যখন ফিরছেন, দাঁড়িয়ে তখন ফতুল্লার পুরো গ্যালারি। ইনিংসটির মাহাত্ম্য ফুটিয়ে তুলছিল ভারতীয় ক্রিকেটারদের এগিয়ে গিয়ে পিঠ চাপড়ে দেওয়াও।
প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে খুব কাছে গিয়েও দলকে জেতাতে না পারার হতাশায় পুড়েছিলেন। পরাজয়ের যন্ত্রণা সঙ্গী কালও। হাসিটা তাতে ম্লান হয়েছে দিন শেষে। তবে বীরোচিত ইনিংসটায় দাগ পড়ছে না একটুও!

১১৭
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ভারতের বিপক্ষে ওয়ানডে সেঞ্চুরি পেলেন মুশফিক। এর আগে ২০০৮ এশিয়া কাপে করাচিতে ১১৫ রান করেছিলেন অলক কাপালি।

১৩৩
এনামুল-মুশফিকের জুটি ভারতের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেটেই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। গত এশিয়া কাপে দ্বিতীয় উইকেটে জহুরুল-তামিমের ১১৩ এত দিন ছিল সবার ওপরে।

৫
বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি বিরাট কোহলির। ৩টি সেঞ্চুরি নিয়ে তাঁর পরেই আছেন গৌতম
গম্ভীর।

স্কোরকার্ড
টস: ভারত
বাংলাদেশ
রান বল ৪ ৬
এনামুল ব অ্যারন ৭৭ ১০৬ ৫ ৩
শামসুর ক ও ব সামি ৭ ১২ ১ ০
মুমিনুল স্টা. কার্তিক ব অশ্বিন ২৩ ২৯ ৪ ০
মুশফিক ক রোহিত ব সামি ১১৭ ১১৩ ৭ ২
নাঈম ক অশ্বিন ব সামি ১৪ ১৯ ১ ০
নাসির ক কার্তিক ব সামি ১ ৬ ০ ০
জিয়াউর ক অ্যারন ব ভুবনেশ্বর ১৮ ১২ ২ ১
সোহাগ অপরাজিত ৩ ৪ ০ ০
মাশরাফি অপরাজিত ১ ১ ০ ০
অতিরিক্ত (বা ১, লেবা ৩, ও ১২, নো ২) ১৮
মোট (৫০ ওভারে, ৭ উইকেটে) ২৭৯
উইকেট পতন: ১-১৬ (শামসুর, ৫.১ ওভার), ২-৪৯ (মুমিনুল, ১২.১), ৩-১৮২ (এনামুল, ৩৬.৬), ৪-২৩১ (নাঈম, ৪৩.৬), ৫-২৪১ (নাসির, ৪৫.৪), ৬-২৭০ (জিয়াউর, ৪৮.৫), ৭-২৭৬ (মুশফিক, ৪৯.৩)।
বোলিং: ভুবনেশ্বর ৮-১-৪১-১, সামি ১০-১-৫০-৪, অ্যারন ৭.৫-০-৭৪-১ (নো ২, ও ৩), অশ্বিন ১০-১-৫০-১ (ও ৫), জাদেজা ১০-০-৩৭-০, রাইডু ৩-০-১৭-০, কোহলি ১.১-০-৬-০।
ভারত
রোহিত ব জিয়াউর ২১ ২৯ ১ ১
ধাওয়ান এলবিডব্লু ব রাজ্জাক ২৮ ৪৪ ৫ ০
কোহলি ব রুবেল ১৩৬ ১২২ ১৬ ২
রাহানে ক অতি. ব সোহাগ ৭৩ ৮৩ ৭ ১
রায়ডু অপরাজিত ৯ ১৫ ০ ০
কার্তিক অপরাজিত ২ ২ ০ ০
অতিরিক্ত (লেবা ১, ও ৯, নো ১) ১১
মোট (৪৯ ওভারে, ৪ উইকেটে) ২৮০
উইকেট পতন: ১-৫০ (ধাওয়ান, ১১.২), ২-৫৪ (রোহিত, ১২.৫), ৩-২৬৭ (কোহলি, ৪৫.৪), ৪-২৭২ (রাহানে, ৪৭.৩)।
বোলিং: মাশরাফি ৯-১-৪৪-০, রুবেল ১০-১-৬৩-১ (নো ১, ও ১), রাজ্জাক ১০-০-৫৫-১, জিয়াউর ৫-০-২০-১, সোহাগ ৮-০-৪৯-১ (ও ৪), মুমিনুল ২-০-১৩-০, নাঈম ১-০-১৫-০ (ও ৩), নাসির ৪-০-২০-০ (ও ১)।
ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।

আজকের খেলা
পাকিস্তান-আফগানিস্তান
বেলা ২টা
ফতুল্লা