চাপকে প্রেরণা বলছেন মাহমুদউল্লাহ
জাতীয় দলে খেলছেন সাড়ে তিন বছর। সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮১টি। বাংলাদেশ বিবেচনায় তাঁকে এখন ‘অভিজ্ঞ’ বলার সময় হয়ে গেছে। কিন্তু কিছুদিন ধরে মাহমুদউল্লাহ ভুগছেন ‘অভিষেক’ জ্বরে। বাংলাদেশ দলে অভিষেকের আগে আগে যেমন ছিলেন, ডুবে আছেন ঠিক তেমনই রোমাঞ্চে। ‘প্রথম বিশ্বকাপ বলে কথা, সেটাও আবার দেশের মাটিতে, ভীষণ রোমাঞ্চিত আমি’—উত্তেজনাটা টের পাওয়া যাচ্ছিল মাহমুদউল্লাহর কণ্ঠেও।বিশ্বকাপটা যে অন্য রকম কিছু, বুঝতে পেরেছিলেন কিন্তু সেই ছোটবেলাতেই। ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয় নাড়িয়ে দিয়েছিল ছোট্ট ‘রিয়াদের’ মনোজগত্, ‘সম্ভবত আমি তখন ক্লাস থ্রিতে, যত দূর মনে পড়ে বাসার সবার সঙ্গে বসে পুরো খেলাই দেখেছিলাম। পাকিস্তান দলের উল্লাস, ট্রফি হাতে ইমরান খান—সবই স্পষ্ট মনে পড়ে। ইমরানকে খুব ভালো লেগেছিল, বলতে পারেন ইমরানই আমার মাথায় বিশ্বকাপটা ঢুকিয়ে দিল।’ সেদিনের সেই তৃতীয় শ্রেণীর সেই ছেলেটির এবার বিশ্বকাপ অভিষেক হতে পারে ছেলেবেলার নায়কের সামনেই। বিশ্বকাপের প্রথম ও শেষ পাঁচ দিন ধারাভাষ্য দেওয়ার পরিকল্পনা আছে ইমরানের। গত বিশ্বকাপের সময়ও ভাবনার সীমানায় এমন কিছু ছিল না মাহমুদউল্লাহর। সে সময় ছিলেন একাডেমি দলে। ঘরোয়া লিগে ভালো পারফরম্যান্স। স্বপ্ন দেখছেন, কোনো একদিন খেলবেন জাতীয় দলে। কল্পনাও করতে পারেননি, সেই ‘কোনো একদিন’টা এসে যাবে মাস তিনেকের মধ্যে! ২০০৭ বিশ্বকাপ শেষ হলো এপ্রিলের শেষ দিকে, জুলাইয়ের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে অভিষেক হয়ে গেল মাহমুদউল্লাহর। অভিষেকে ২ উইকেট আর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান (৩৬), এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গত বিশ্বকাপে একাডেমি দলের প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার এই বিশ্বকাপে বাংলাদেশের রণপরিল্পনার গুরুত্বপূর্ণ অংশ। অভিষেকের রোমাঞ্চে ভুগছেন, তবে মাহমুদউল্লাহর বিশ্বকাপ-দর্শন কিন্তু হয়ে গেছে আগেই! দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই খেলেছেন। কলেবর, চাপ, উত্তেজনা—কোনো কিছুতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে ৫০ ওভারের বিশ্বকাপের তুলনা চলে না। তার পরও বিশ্বকাপের একটা প্রাথমিক রূপ তো দেখা হয়েছে! ওই অভিজ্ঞতা স্নায়ুকে কিছুটা হলেও স্থিতিশীল করবে, মানছেন মাহমুদউল্লাহ। তবে ওই অভিজ্ঞতা বয়ে আনছে একটা শঙ্কাও। ৩টি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতেও খুঁজে পাওয়া যায়নি আসল মাহমুদউল্লাহকে। বড় উপলক্ষ যেমন অনেক সময় সেরাটা বের করে আনে, তেমনি অনেকে আবার সিঁটিয়ে পড়েন এর চাপে। চাপটাই কি তবে জেঁকে ধরে এই অলরাউন্ডারকে? মাহমুদউল্লাহ কিন্তু মানতে নারাজ, ‘ক্রিকেটের এই সংস্করণটায় নিজেকে এখনো ঠিক সেভাবে মেলে ধরতে পারিনি। শুধু বিশ্বকাপে নয়, সব মিলিয়েই টি-টোয়েন্টিতে আমার পারফরম্যান্স তেমন ভালো নয়। বিশ্বকাপের চাপের সঙ্গে তাই এটার কোনো সম্পর্ক নেই। আশা করি, এই বিশ্বকাপেই প্রমাণ করতে পারব সেটা।’প্রমাণ করার ব্যাপার যখন আছে, তখন নিশ্চয়ই কোনো লক্ষ্যও আছে? এবার কিন্তু ব্যাটিংয়ের মতোই সাবধানী মাহমুদউল্লাহ, ‘বিশ্বকাপের মতো জায়গায় ভালো করা মানে ক্রিকেট-বিশ্বের নজরকাড়া। বাড়তি একটা তাগিদ তো থাকবেই। চাইব, প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে। এই তো। সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমার মনে হয় লক্ষ্য ঠিক করা মানে নিজেকে চাপে ফেলা। আমি সব সময়ই নিজেকে চ্যালেঞ্জ করি, প্রতি ম্যাচেই আরেক ধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করি। বিশ্বকাপেও এটাই চাইব।’চাপ নিতে চান না, কিন্তু হাজারো চাপ তো তৈরি হয়েই আছে। দেশের মাটিতে বিশ্বকাপ, আকাশচুম্বী প্রত্যাশা। ক্রিকেটপ্রেমীদের যা প্রত্যাশা, পরিবারের সবার সেটা দাবি, ‘বিশ্বকাপে ভালো করতেই হবে।’ চাপটা তাই ভালোমতোই টের পেতে শুরু করেছেন মাহমুদউল্লাহ। তবে এই সবকিছুতে কিন্তু খুশিই তিনি। অনন্ত এই চাপই যে তাঁর অফুরন্ত অনুপ্রেরণার উত্স!