চাপে চ্যাপ্টা বঙ্গবন্ধু স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশন কাপ শেষে মাঠ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন শেখ রাসেল অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠটা খুব শক্ত। বল লাফায়। এমন মাঠে ভালো খেলা সম্ভব নয়।’কাল বাংলাদেশ লিগের খেলা দেখতে দেখতে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলামের মুখেও ঝরল অসন্তোষ, ‘মাঠের পরিচর্যা ঠিকমতো হচ্ছে না। ঘাস নেই। দুটি পাস ঠিকভাবে খেলা কঠিন। মাঠটা অসমতলও হয়ে পড়েছে। আমরা ভালো ফুটবলের কথা বলি, কিন্তু মাঠ ঠিক না থাকলে ভালো ফুটবল আশা করি কীভাবে।’পাশেই বসা বিজেএমসির কোচ জাকারিয়া বাবুও একমত শফিকুলের সঙ্গে, ‘আমরা তো ম্যাচের সময় কাছ থেকে মাঠ দেখি। সত্যি কথা বলতে, এত শক্ত মাঠে আপনি আশানুরূপ ফুটবল খেলতে পারবেন না। দিন দিন মাঠটা ভালো ফুটবলের অনুপযোগী হয়ে পড়ছে। এই দিকটা সবারই দেখা উচিত।’মেসিরা যখন খেলে গেলেন, সবুজ ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ। তারপর থেকে আবার পুরোনো চেহারায় ফিরে যাচ্ছে। এখন তো মাঠে ঘাস বলতে গেলে নেই-ই। ঠিকঠাক পরিচর্যা হচ্ছে বলেও মনে করার কারণ ঘটেনি। এর একটা ব্যাখ্যা দিলেন বাফুফের সংশ্লিষ্ট মাঠ কর্মকর্তা হাসানুজ্জামান বাবলু, ‘মাঠ পরিচর্যার জন্য সময় চাই। এখানে একটার পর একটা খেলা। মাঠ তো ফাঁকাই পাওয়া যায় না।’হাসানুজ্জামানের কথাটা যৌক্তিক। আবার এও ঠিক, মাঠ পরিচর্যার ব্যাপারে উদাসীনতাও আছে। এ নিয়ে ভাবার লোক বাফুফেতে খুবই কম। সবাই নির্বাচন, চেয়ার দখল নিয়ে যতটা সময় ব্যয় করেন, তার দশমাংশ মাঠ নিয়ে ভাবেন কি না সংশয় ফুটবল মহলে। ছোট কিছু খেলার জন্য মাঠ খুঁজে বের করার কাজটিও আজ পর্যন্ত হয়নি। পাইওনিয়ার, স্কুল ফুটবল যেভাবে বালুময় মাঠে হয়েছে, তাতে এটা পরিষ্কার, কোনো রকম গোঁজামিল দিতে পারলেই দায়িত্ব শেষ মনে করে বাফুফে।এভাবে চলতে চলতে হাতের পাঁচ বঙ্গবন্ধু স্টেডিয়াম এখন ‘কমিউনিটি সেন্টারে’ পরিণত। হরেক রকম আসর বসছে এখানে। প্রাইমারি স্কুলের খেলা, করপোরেট মহিলা ফুটবল থেকে শুরু করে দেশের সর্বোচ্চ ফুটবল—সবই হচ্ছে। সব এখানে না হলে স্পনসর টাকা দেবে না। স্কুল ফুটবল হবে, সেটির ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়াম। ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে, ভরসা বঙ্গবন্ধু স্টেডিয়াম। আগামী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্যও নাকি মাঠ চাওয়া হয়েছে। কমলাপুর স্টেডিয়ামের অবস্থা আরও খারাপ। হাসানুজ্জামান তা অস্বীকার করছেন না, ‘ওই মাঠে তো ঘাস-টাস কিছুই নেই। একটার পর একটা খেলা, মাঠ ঠিক করার সময়ই পাওয়া যায় না।’ কমলাপুরে এখন দ্বিতীয় বিভাগ চলছে, ৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর সেখানে। এটির উদ্বোধন আবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ঘুরেফিরে সবকিছুরই কেন্দ্রবিন্দুতে এই স্টেডিয়াম।বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রশাসক মোহাম্মদ ইয়াহিয়ার কথা, ‘আমরা তো অন্তত সাত দিন চেয়েছিলাম মাঠটা ঠিক করার জন্য। না দিলে কী করার আছে। মাঠের অবস্থা আরও খারাপের দিকেই যাবে!’