চাপে থাকবে ভারত: তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি বছর কেটে গেছে। কিন্তু দুঃস্মৃতিটা হয়তো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ভারতীয় দলকে। ২০০৭ সালে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দলটি মুখোমুখি হয়েছিল বাংলাদেশের। ওই ম্যাচে পাঁচ উইকেটে হারিয়ে ভারতকে লজ্জায় ডুবিয়েছিল টাইগাররা। সেবার ভারতীয় দল বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকেই।এবারের বিশ্বকাপেও ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। চার বছর আগের হারের স্মৃতি মনে করে ভারত চাপে থাকবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ‘এটা অবশ্যই তাদের মাথায় কাজ করবে। গত বিশ্বকাপের প্রথম ম্যাচেই তারা আমাদের কাছে হেরেছিল। তাই আমরা নই, ভারত চাপ অনুভব করবে’। সাংবাদিকদের বলেছেন তামিম। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে উন্মুক্ত সংবাদ ব্রিফিংয়ে তামিম ছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল, আবদুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ।পোর্ট অব স্পেনে ভারত ‘বধের’ অন্যতম কারিগর ছিলেন তামিম। ৫৩ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় এনে দিয়েছিলেন বাংলাদেশকে। সেবারের প্রতিশোধটা যে ভারতীয় বোলাররা নিতে চাইবেন, তা ভালো করেই জানেন তামিম। ‘আমি যদি আমার মতো করে খেলতে পারি, বিশ্বের কোনো বোলারকেই ভয় পাওয়ার কারণ নেই আমার।’ স্পষ্ট বলে দিয়েছেন টাইগারদের ব্যাটিংয়ের অন্যতম সেরা এই অস্ত্র।তাহলে কী ভারতের ম্যাচটাকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ? তামিম বলছেন, ‘কোনো ম্যাচকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি না আমরা। গ্রুপ পর্বে আমাদের ছয়টি ম্যাচ খেলতে হবে। প্রতিটি ম্যাচের ক্ষেত্রেই আমাদের পরিকল্পনা একই রকম।’