চাপে ম্যারাডোনা
যত আস্ফাালন সব মাঠের বাইরে। রেফারির মুন্ডুপাত আর ষড়যন্ত্র-তত্ত্ব দিয়ে আর কত দিন টিকবেন, সেটাই এখন দেখার। কারণ, ডিয়েগো ম্যারাডোনার দল যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। ১২ দলের আরব আমিরাত লিগের পয়েন্ট টেবিলে একসময় শীর্ষে ছিল আল ওয়াসল। সেই দলটাই এখন অবস্থান করছে ছয়ে। শুধু তা-ই নয়, শিরোপার দৌড় থেকে ছিটকেই গেছে এক রকম। নয় ম্যাচ শেষে শীর্ষে থাকা আল আইনের পয়েন্ট ২৩। আল ওয়াসলের পয়েন্ট ১২। ব্যবধান ১১ পয়েন্টের! অবশ্য লিগ শেষ হতে এখনো ১৩ ম্যাচ বাকি।ওয়াসল সর্বশেষ হেরেছে পরশু, আল ওয়াদাহের বিপক্ষে ২-১ গোলে। গত চার ম্যাচেই জয়ের দেখা পায়নি আল ওয়াসল। সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটি জয়। সব মিলিয়ে নয় ম্যাচে তাদের সমান তিনটি করে জয়-পরাজয়-ড্র।এখনো ক্লাব কর্তৃপক্ষ মুখে কিছু বলেনি। কিন্তু ম্যারাডোনাকে আকাশচুম্বী বেতন দিয়েই আনা হয়েছে। ব্যবহারের জন্য দেওয়া হয়েছে ব্যক্তিগত জেট বিমান, আরব আমিরাত লিগে যেটি অভাবনীয়, অন্য অনেক কোচের জন্য ঈর্ষণীয়ও। কিন্তু আরব শেখরা দিতে যেমন জানেন, তেমননি প্রতিদানও চান। না দিতে পারলে রুষ্ট হতেও সময় লাগে না। ফলে ম্যারাডোনা মুখে যা-ই বলুন, মানসিকভাবে আছেন চাপের মধ্যে। ওয়েবসাইট।