চাপেই বিপর্যয়
সাঁতারে বরাবরই সমীহ করার মতো শক্তি ছিল গ্র্যান্ট হ্যাকেট, ইয়ান থর্পদের অস্ট্রেলিয়া। লন্ডন অলিম্পিকে সাফল্যের নতুন ইতিহাস লেখানোরই প্রত্যয় ছিল অস্ট্রেলীয় সাঁতারুদের। কিন্তু লন্ডন লিখল এক ব্যর্থতার ইতিহাস। সাঁতার থেকে সবেধন নীলমণি সোনা এসেছে মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে থেকে, এমনকি নেই কোনো ব্যক্তিগত সোনাও। ’৯২ বার্সেলোনা অলিম্পিকের পর এতটা হতশ্রী দশা আর হয়নি তাদের। হঠাৎ করে কেন সাঁতরাতে ভুলে গেলেন অসিরা? যে কারণটা সাঁতারুরা খুঁজে পাচ্ছেন সেটি ‘চাপ’। প্রত্যাশার চাপ সামলাতে না পারাটাই ব্যর্থতার মূল কারণ বলছেন ইমন সুলিভান, ‘অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্যে পার্থক্য হলো অলিম্পিকে চাপটা ১০০ গুণ বেশি। আমরা চাপটা সামলানোর জন্য প্রস্তুত ছিলাম না।’ আগামীবারই অবশ্য ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘কিন্তু পরের অলিম্পিকে যদি একই দল থাকে, তবে ফলাফল হবে ভিন্ন।’ আরেক সাঁতারু কেট ক্যাম্পবেল অবশ্য এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হতে নারাজ, ‘আমরা সোনা নিয়ে বেশিই মাতামাতি করছি। অন্য পদকগুলোর দেখছি মূল্যই নেই। এখন ক্ষেত্রটা অনেক কঠিন, সাঁতার অনেক দূর এগিয়েছে।’ অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ অবশ্য বসে নেই, ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে মাঠে নেমেছে তারা। রয়টার্স।