চাপের পরীক্ষায় প্রেরণা শ্রীলঙ্কা
জিম্বাবুয়ে একটা প্রতিপক্ষের নাম। একটা চাপের নামও কি নয়?একসময় জিম্বাবুয়ের বিপক্ষেও জয়ের স্বপ্ন দেখা ছিল কঠিন। তবে অবচেতন মনে আশা থাকত, ‘জিততে চাইলে এই দলের বিপক্ষেই তো জেতা যায়!’ মানসিক চাপ তখনো ছিল। আরেকটু ভালো খেলার চাপ। সুযোগ এলে সেটা না ফসকানোর চাপ। একপর্যায়ে দুই দল সমান সমান হয়ে গেল। আজ বাংলাদেশ জেতে তো কাল জিম্বাবুয়ে। তখন চাপ মর্যাদার লড়াইয়ে জেতার। চাপ এখনো আছে। এখনকার চাপটা নিজেদের শ্রেয়তর হিসেবে প্রমাণের। বাংলাদেশ এখন জিম্বাবুয়ের কাছে হারলেই খবর, জেতাটাই স্বাভাবিক।বাংলাদেশ-জিম্বাবুয়ে ক্রিকেট সম্পর্ক থেকে চাপ-তত্ত্ব বোধ হয় কখনোই যাবে না। বড়জোর রং বদলাবে। বাংলাদেশ দল যত ভালো খেলবে, চাপ তত বাড়বে। দলটা যে জিম্বাবুয়েকে ছাড়িয়ে অনেক এগিয়ে যাচ্ছে, সেটা জানানোর চ্যালেঞ্জও তো একটা চাপ।এবারের সফরে সেই চাপই টের পাচ্ছে মুশফিকুর রহিমের দল। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে নিজেদের নতুন করে চিনিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে থেকে হেরে দেশে ফিরলে কেউ মনে রাখবে না সেই উজ্জ্বল চেহারা। হারারে টেস্ট দিয়ে আজ থেকে শুরু সিরিজে বাংলাদেশ দল ফেবারিট হয়েও তাই একটু বেশিই চাপে। সেটি বোধ হয় ওই ফেবারিট হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়াই।হারারে স্পোর্টস ক্লাব মাঠে কাল সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনের অনেকটা জুড়েই থাকল চাপ প্রসঙ্গ। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম চাপে থাকার কথাটা অস্বীকারও করলেন না, ‘জিম্বাবুয়ের বিপক্ষে খেলা হলেই এটা হয়—আমাদের ওপর চাপ থাকে, যেন আমাদেরই সব ম্যাচ জিততে হবে।’ তবে চাপে নুয়ে না পড়ে তিনি আশাবাদী হচ্ছেন শ্রীলঙ্কা সফরের স্মৃতি রোমন্থন করে, ‘শ্রীলঙ্কা সফরটা দারুণ কেটেছে। দলের সবাই এখন খুব আত্মবিশ্বাসী। ফলাফল আমাদের হাতে না থাকলেও সবাই চেষ্টা করবে সেরাটা দিতে। কার সঙ্গে খেলা না ভেবে আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে বেশি ভাবছি। গত দেড় বছর আমরা যেভাবে ম্যাচ ধরে ধরে খেলছি, এবারও তা-ই করব।’জিম্বাবুয়ে যেমন বাংলাদেশের জন্য চাপের অন্য নাম, জিম্বাবুয়ের ক্ষেত্রেও ব্যাপারটা তা-ই। একসময় যাদের হেসেখেলে হারানো যেত, তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে, কাঁহাতক সহ্য করা যায়? বিশেষ করে, নিজেদের মাটিতে পেলে তাই বাংলাদেশকে সব রকমভাবে দুমড়েমুচড়ে দিতে চায় জিম্বাবুয়ে। তবে এবার সেটা করার আগে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স চোখে ভাসছে অধিনায়ক ব্রেন্ডন টেলরেরও, ‘আমাদের কন্ডিশন আমরাই সবচেয়ে ভালো বুঝি। তবে তারা সম্প্রতি শ্রীলঙ্কা থেকে দারুণ সফল একটা সিরিজ খেলে ফিরেছে। কাজেই আগের চেয়ে এবার তারা অনেক বেশি শক্তিশালী হবে।’তার মানে, খোদ প্রতিপক্ষ অধিনায়কও বাংলাদেশের ওপর তুলে দিচ্ছেন ‘প্রত্যাশা’র চাপ! মুশফিকদের জন্য এই চাপ কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের সঙ্গে আছে ২০১১ সালের তিক্ত স্মৃতি ভুলে যাওয়ার তাড়না। টেস্ট-ওয়ানডে দুই সিরিজেই হার বাংলাদেশের ক্রিকেটকে প্রচণ্ড এক ঝাঁকুনি দিয়েছিল সেবার। ‘ভূমিকম্প’টা সবচেয়ে বেশি টের পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান আর সহ-অধিনায়ক তামিম ইকবাল। ব্যর্থতার ‘অপরাধে’ নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হয়েছিল তাঁদের। দলের শৃঙ্খলা নিয়েও উঠেছিল প্রশ্ন।‘খেলায় হার-জিত থাকেই’ কথাটা তাই অন্তত জিম্বাবুয়ের বিপক্ষে ভুলে যাওয়া ভালো বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলে জয়ের বিকল্প হতে পারে কেবল সমালোচনার তির বিদ্ধ হওয়ার মানসিক প্রস্তুতি। মুশফিক নিজেও বলছিলেন, ‘মানসিক ও শারীরিকভাবে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। গত সফরটা ভালো হয়নি। আমরা জিম্বাবুয়ের বিপক্ষে জিতলে কিছু হয় না, হারলে অনেক কথা হয়।’ তবে তাঁর বিশ্বাস, এবার দুই বছর আগের ঘটনার পুনরাবৃত্তি হবে না, ‘গতবার আমরা ১৩ মাস পর টেস্ট খেলছিলাম। আর এবার তো মাস খানেকের মধ্যেই টেস্ট খেলেছি। দলে এখন পারফরমারও বেশি। সাকিব ফিরছে, তামিমও আশা করি ফিরবে।’ভালো খেলার এতসব কারণ যখন সামনে, চাপটাও কি তখন বেড়ে যায় না আরও?