চাপের মুখে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম দিনেই চাপের মুখে পড়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২৪৫ রানেই গুটিয়ে গেছে তাদের প্রথম ইনিংস। জেমস অ্যান্ডারসন নিয়েছেন চার উইকেট। জবাবে প্রথম দিনের খেলা শেষে কোন উইকেট না হারিয়ে ১ রান তুলেছে ইংল্যান্ড।টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ওয়াটসনের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে দুর্ভাগ্যবশত রান আউট হয়ে বিদায় নেন ওপেনার সাইমন ক্যাটিচ। অ্যান্ডারসনের পরের বলেই গ্রায়েম সোয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে তখনো কোনো রানই যোগ হয়নি। পরের ওভারে আবার আঘাত হানেন অ্যান্ডারসন। মাইকেল ক্লার্ককে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়াকে খাদের মুখে ফেলে দেন এ ডান হাতি ফাস্ট মিডিয়াম বোলার। চতুর্থ উইকেট জুটিতে ৯৪ রান যোগ করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলেন শেন ওয়াটসন আর মাইকেল হাসি। কিন্তু আবারও অস্ট্রেলিয়ার বিভীষিকা হিসেবে আবির্ভূত হন অ্যান্ডারসন। ৫১ রান করা ওয়াটসনকে সাজঘরে পাঠিয়ে আবার ম্যাচে ইংল্যান্ডের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন তিনি। এবার মার্কাস নর্থকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হাসি। কিন্তু খুব বেশিক্ষণ টিকতে পারেননি নর্থ। ২৬ রান করে স্টিভেন ফিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাজঘরে। ইংল্যান্ডের সংগ্রহ তখন পাঁচ উইকেটে ১৫৬।প্রথম টেস্টের মতো ষষ্ঠ উইকেট জুটিতে মাইক হাসি আর ব্রাড হাডিন আবারও অস্ট্রেলিয়ার হাল ধরবেন এমনটাই আশা করেছিলেন অনেক অস্ট্রেলীয় সমর্থক। ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৩০৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন এ দুই ব্যাটসম্যান। কিন্তু এবার এ জুটি যোগ করতে পেরেছেন মাত্র ৫১ রান। ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দূরে থাকার সময় গ্রায়েম সোয়ানের বলে কলিংউডের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাসি। এরপর খুব অল্প সময়ের মধ্যেই একে একে বিদায় নেন হ্যারিস, ডোহার্টি আর সিডল। ৫৬ রান করে একাই প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছেন ব্রাড হাডিন। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্টুয়ার্ট ব্রডের শিকারে পরিণত হলে ২৪৫ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ক্রিকইনফো।