চাপের মুখে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণীর ক্রিকেটে উইকেটের ফিফটি আছে, কিন্তু কেন উইলিয়ামসন নিজেও নিজেকে বোলার দাবি করবেন না। টেস্টে এর আগেও যেমন এক ইনিংসে ৪ ওভারের বেশি বোলিং করেননি। কালও করলেন মাত্র ৩.৫ ওভার। গলায় কাঁটা হয়ে থাকা ম্যাট প্রায়রকে কিছুতেই ফেরানো যাচ্ছে না দেখে ১৪৫তম ওভারে তাঁর হাতে বল তুলে দেন ব্রেন্ডন ম্যাককালাম। নিজের পরের ওভারে শুধু প্রায়রকেই নয়, দুই বল বাদে মন্টি পানেসারকেও তুলে নিয়ে ইংল্যান্ডের ইনিংসটা মুড়ে দেন উইলিয়ামসন। যদিও দিন শেষে বোলার নন, ব্যাটসম্যান উইলিয়ামসনই হয়ে ছিলেন নিউজিল্যান্ডের ভরসা।পানেসারের বিদায়ের আগেই ইংল্যান্ড তুলে ফেলে ৪৬৫ রান। জবাবে নিউজিল্যান্ড দ্বিতীয় দিনটা শেষ করেছে ভীষণই অস্বস্তিতে, ৬৬ রানে নেই ৩ উইকেট। নিজের ষষ্ঠ ওভারের টানা দুই বলে আগের টেস্টে অভিষেকেই ১৭১ করা হামিশ রাদারফোর্ড ও রস টেলরকে ফিরিয়েছেন স্টুয়ার্ট ব্রড। অন্য উইকেটটি জেমস অ্যান্ডারসনের। ৩৯৯ রানে পিছিয়ে থেকে ফলোঅনের শঙ্কা নিয়ে তৃতীয় দিন মাঠে নেমেছে কিউইরা। ইংল্যান্ডের রানপাহাড়ের পূর্বাভাস ছিল প্রথম দিনেই (২৬৭/২)। জোনাথট ট্রট দিনের দ্বিতীয় ওভারে ফিরে গেলেও কেভিন পিটারসেন অনেকক্ষণ ভুগিয়েছেন। দলীয় ৩৬৬ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেছেন ৭৩। শেষ ৪ উইকেট নিয়েও ইংল্যান্ড যে আরও ৯৯ রান যোগ করল তা ওই প্রায়রের কারণেই। ইংলিশ উইকেটরক্ষক শুধু ৮১ রানই করেননি, অষ্টম উইকেটে ফিনের সঙ্গে ৮৩ রানের একটা জুটিও গড়ে নিউজিল্যান্ডকে উপহার দিচ্ছিলেন হতাশা। অবশ্য শেষ পর্যন্ত নিজেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন সেঞ্চুরি না-পাওয়ার হতাশা নিয়ে।শুধু প্রায়র নন, ইংল্যান্ডের সব ব্যাটসম্যানই ক্যাচ দিয়ে ফিরেছেন! টেস্টে অবশ্য এমন ঘটনা নতুন নয়। এক ইনিংসে ১০ ব্যাটসম্যানের ক্যাচ আউট হওয়ার এটি যেমন ৫৯তম উদাহরণ! তথ্যসূত্র: ওয়েবসাইট।