চায়না ওপেন জিতলেন ক্যারলিন ওজনিয়াকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক দিন আগেই সেরেনা উইলিয়ামসকে সরিয়ে মেয়েদের টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এসেছেন ডেনমার্কের টেনিস তারকা ক্যারলিন ওজনিয়াকি। আর এই নাম্বার ওয়ানের সার্থকতা প্রমাণ করতেই যেন জিতে নিলেন চায়না ওপেন শিরোপা। গত মাসে ইউএস ওপেনের সেমিফাইনালে রাশিয়ার ভেরা জভোনারেভার কাছে হেরে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম জেতার স্বপ্ন পূরণ হয়নি ওজনিয়াকির। এবার চায়না ওপেনের ফাইনালে জভোনারেভাকে ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে হারিয়ে যেন তারই প্রতিশোধ নিলেন তিনি।প্রথম সেটের শুরুতে ৩-১ গেমে পিছিয়ে পড়লেও পরবর্তী সময়ে খুব চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে ওজনিয়াকি সেটটা জিতে নেন ৬-৩ গেমে। জভোনারেভা দ্বিতীয় সেট জিতে নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলেও শেষ রক্ষা করতে পারেননি। তৃতীয় সেটে আবারও সেই ৬-৩ গেমে জিতেই শিরোপা নিশ্চিত করেন ওজনিয়াকি।টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে এলেও এখন পর্যন্ত কোন গ্র্যান্ডস্লাম শিরোপা জেতা হয়নি ওজনিয়াকির। তবে এ মুহূর্তে সেটা নিয়ে খুব বেশি চিন্তাও করছেন না এই ২০ বছর বয়সী তারকা। চায়না ওপেন শিরোপা জয়ের পর তিনি বলেছেন, ‘আমি এখন খুবই ভালো অবস্থায় আছি। মনে হচ্ছে আমি সবাইকেই হারাতে পারব। গ্র্যান্ডস্লাম যদি পরের বছরও জিততে না পারি, তাহলেও কোনো সমস্যা নেই। আমার সামনে এখনো অনেকগুলো বছর আছে। এ মুহূর্তে যেভাবে খেলছি, তাতে আমি খুবই সন্তুষ্ট।’ বিবিসি অনলাইন।