চায়না ওপেনে থাকছেন না কিম ক্লাইস্টার্স
সেরেনা উইলিয়ামসের পর এবার চায়না ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন কিম ক্লাইস্টার্সও। পায়ের আঘাতের কারণে বেইজিংয়ে ২ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চায়না ওপেনে অংশ নিতে পারবেন না ইউএস ওপেন শিরোপা জয়ী বেলজিয়ামের এই টেনিস তারকা।ইউএস ওপেনের পর পায়ে একটা ছোট অস্ত্রোপচার করিয়েছিলেন ক্লাইস্টার্স। সেই ক্ষত এখনো সেরে না ওঠায় চায়না ওপেনে অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার এক টুইটার বার্তায় তিনি বলেছেন, ‘চায়না ওপেনে অংশ নিতে না পারায় আমি খুবই দুঃখিত। পায়ের ক্ষতটা সত্যিই ভালো অবস্থায় নেই। এ অবস্থায় টেনিস খেলা আমার পক্ষে সম্ভব নয়।’টেনিস থেকে দীর্ঘদিন দূরে থাকার পর আবার কোর্টে ফিরেই নিজেকে নতুন করে চিনিয়েছেন কিম ক্লাইস্টার্স। আনা ইভানোভিচ, ভেনাস উইলিয়ামস ও ভেরা জভোনারেভার মতো তারকাদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন ইউএস ওপেন শিরোপা। চায়না ওপেনে না থাকলেও ডিসেম্বরে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন বলে আশা করছেন ক্লাইস্টার্স।—বিবিসি অনলাইন