চার ইভেন্টে দৌড়াবেন বোল্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো কিছু অতি নিখুঁত করতে গেলে অনেক সময় খুঁতটা আরও বেশি প্রকাশ্য হয়। অতি সতর্কতা কখনো কখনো বয়ে আনে উল্টো ফল। উসাইন বোল্ট এখন এই দর্শনে বিশ্বাসী। ক্যারিয়ারজুড়ে তাঁর সবচেয়ে বড় মাথাব্যথা নিজের স্টার্টিং। সমস্যা সমাধানের অনেক চেষ্টা করেও লাভ খুব একটা হয়নি। বোল্ট তাই বেছে নিয়েছেন ‘অগ্রাহ্য দর্শন’। যা হওয়ার হবে, ‘ফলস স্টার্ট’ নিয়ে আর মাথা ঘামাবেনই না।বিশ্ব রেকর্ডকে যখন ছেলেখেলা বানালেন, ছিলেন ফর্মের তুঙ্গে, বোল্ট তখনো বারবার বলেছেন, স্টার্টিংটা নিখুঁত হচ্ছে না। গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে তো ডিসকোয়ালিফাইডই হলেন ফলস স্টার্ট করে। জ্যামাইকান ট্রায়ালে ব্লেকের কাছে হারার অন্যতম কারণও ওই বাজে স্টার্ট। কোনোভাবেই এ সমস্যার কোনো সমাধান করতে পারেননি। এটিকে তাই ছেড়ে দিয়েছেন সময়ের হাতে, ‘স্টার্টিংয়ে যত মনোযোগ দিচ্ছি, ততই যেন খারাপ হচ্ছে। কোচের সঙ্গে বসলাম। তিনি বললেন, “এটা নিয়ে দুশ্চিন্তা বাদ দাও। মন দাও শুধু দৌড়ে।” অলিম্পিকে আমার পরিকল্পনা এটাই। স্টার্ট ভুলে দৌড়টা ঠিকঠাক শেষ করা।’স্টার্টিং খুব বাজে না হলেই হয়। বোল্টের বিশ্বাস, একবার এগিয়ে গেলে তাঁকে কেউ ছুঁতে পারবে না, ‘এটাকে অনেকে অতি আত্মবিশ্বাস বলতে পারেন। তবে আমি জানি, আমি কী করতে পারি। আমার কোনো দুশ্চিন্তা নেই। যদি আমি এগিয়ে যেতে পারি, কেউ আর আমাকে ছাড়াতে পারবে না।’‘বিদ্যুৎ’ বোল্টকে গত কিছুদিনে বেশ ভুগিয়েছে হ্যামস্ট্রিংয়ের চোট। তবে দাবি করলেন, এখন তিনি পুরোপুরি ফিট। মুখিয়ে আছেন ট্র্যাকে নামার জন্য। কথাবার্তায় বিচ্ছুরিত হচ্ছে আত্মবিশ্বাস। অবশ্য নিজের বিশ্ব রেকর্ডের ব্যাপারে মনের জোর নেই। বারবার বলেছেন, ৯.৪ সেকেন্ডে ১০০ মিটার শেষ করা সম্ভব। কিন্তু এখন বলছেন, রেকর্ডই মূল ব্যাপার নয়, ‘আমার কাছে জয়টাই সবকিছু। বিশ্ব রেকর্ড নিয়ে এ মুহূর্তে আমি ভাবছি না।’জয়টা খুব করেই চাইছেন। অনেকের মতে, তিনিই সর্বকালের সেরা। বিনয়ী বোল্ট কিন্তু এখনো নিজেকে ওই তালিকায় দেখছেন না! এ জন্যই আবার জিততে চান স্প্রিন্ট-ডাবল, ‘আবারও ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট জিততে পারলে হয়তো আমি খেলাটার একজন কিংবদন্তি হব। আমি চাই এটা করতে।’ বোল্টের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে নানা কারণে নিজের পড়তি ফর্ম আর ব্লেক-গে-গ্যাটলিন-পাওয়েলদের সাম্প্রতিক ফর্ম বলছে, আগেরবারের মতো এবার আর বোল্ট অবিসংবাদিত ফেবারিট নন। বোল্ট হারের জন্যও মানসিকভাবে তৈরি রাখছেন নিজেকে, ‘আমার মনে হয় না, হেরে যাওয়া মানে পৃথিবীর শেষ দেখে ফেলা। দ্বিতীয় হলে আমি হতাশ হব, সন্দেহ নেই। তবে মানসিকভাবে আমি অনেক শক্ত।’গতবারের মতো এবারও তিন সোনা জয়ের লক্ষ্য বোল্টের। তবে চার সোনার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ৪০০ মিটার রিলেতে দৌড়াবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু সম্ভাবনার দরজাটা খানিকটা খুলে দিয়েছেন আবার, ‘আমি সব সময়ই বলেছি, ২০০ মিটার দৌড়ানোর পর আমি সিদ্ধান্ত নেব। ফলাফল কী হলো, কতটা ক্লান্ত—এসব দেখে। যদি শরীর বলে পারব, তবে কেন নয়? দেশের প্রয়োজনে আমি সব করতে পারি।’বোল্টের দেশ জ্যামাইকা দেখছে নতুন ইতিহাসের স্বপ্ন। বেইজিংয়ে মেয়েদের ১০০ মিটারের তিনটি পদকই পেয়েছিল ক্যারিবিয়ান দ্বীপদেশটি। এবার ছেলেদের ১০০ মিটারের তিনটি পদকেই চোখ জ্যামাইকার। বোল্ট বলছেন সম্ভব, ‘যদি না আমরা কেউ চাপে ভেঙে পড়ি।’ এএফপি, রয়টার্স।