চার উইকেট হারিয়ে কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটির পথে রবীচন্দ্রন অশ্বিন।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটির পথে রবীচন্দ্রন অশ্বিন।

প্রথম ইনিংসে ২১৯ রানের বড় লিড নেওয়ার পর এখন হয়তো জয়ের সুবাতাসই পাচ্ছে ভারত। কিন্তু মধ্যমনি টেন্ডুলকার যে থেকে যাচ্ছেন আড়ালেই। প্রথম ইনিংসে ব্যর্থতার পর লিটল মাস্টার কি পাবেন দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠার সুযোগ? ভারতীয় বোলাররা যদি দ্বিতীয় ইনিংসেও ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দেয় তাহলে হয়তো ব্যাট হাতে মাঠে নামার আগেই শেষ হয়ে যাবে টেন্ডুলকারের ১৯৯তম টেস্টটি!
সেই ধরনের দৃশ্যপটের সূচনাও ইতিমধ্যে করে ফেলেছেন ভারতের বোলাররা। স্কোরবোর্ডে ১২০ রান জমা করতেই সাজঘরে ফিরে গেছেন ক্রিস গেইল, কাইরন পাওয়েল, মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভো। ইনিংস ব্যবধানে হার এড়ানো থেকে এখনো ৯৯ রান দূরে আছে সফরকারীরা।
২১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর স্বভাবসুলভ ঝড়ো ভঙ্গিতেই শুরু করেছিলেন গেইল। ৩৫ বলে করেছিলেন ৩৩ রান। ১০ম ওভারে গেইল সাজঘরে ফেরার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহও ছিল ঐ ৩৩ রান। দ্বিতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন কাইরন পাওয়েল ও ড্যারেন ব্রাভো। কিন্তু চা বিরতির আগমুহূর্তে টানা দুই ওভারে পাওয়েল ও স্যামুয়েলসের উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। চা বিরতির পর ব্রাভোকেও সাজঘরে ফিরিয়েছেন অশ্বিন। ব্যাট হাতে ১২৪ রানের দারুণ ইনিংসটি খেলার পর এখন পর্যন্ত দুইটি উইকেট নিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। বাকি দুইটি উইকেট গেছে ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ সামির ঝুলিতে।
এর আগে ভারতের প্রথম ইনিংসের সূচনাটাও হয়েছিল বিপর্যয় দিয়ে। মাত্র ৮৩ রানেই ভারত হারিয়েছিল ৫ উইকেট। সাজঘরে ফিরেছিলেন টেন্ডুলকারও। ইডেন গার্ডেনে লিটল মাস্টারের বিদায়ী টেস্টটাতে যেন নেমেছিল শোকের ছায়া। কিন্তু সেই বিপর্যয় ভারত শুধু সামলেই ওঠেনি, ম্যাচের নিয়ন্ত্রণও এখন পুরোপুরি তাদের হাতে। রোহিত শর্মা আর রবীচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি, সপ্তম উইকেটে ২৮০ রানের জুটি গড়ে ভারতকে এনে দিয়েছেন ৪৫৩ রানের বড় সংগ্রহ।
সপ্তম উইকেটে ১৯৮ রানের জুটি গড়ে গতকালই ভারতকে ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলেন রোহিত আর অশ্বিন। অভিষেক টেস্টেই সেঞ্চুরি করার পর ১২৭ রানে অপরাজিত থাকা রোহিতের সামনে ছিল আরও বড় কিছুর হাতছানি। ছাড়িয়ে যেতে পারতেন ভারতের পক্ষে টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি রান (১৮৭) করার শিখর ধাওয়ানের রেকর্ডটি। হতে পারতেন প্রথম ভারতীয় হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির মালিকও।
অনেক কাছাকাছি চলেও গিয়েছিলেন আজ তৃতীয় দিনে। কিন্তু ১৭৭ রানের মাথায় আউট হয়েছে রোহিত। গতকাল ৯২ রানে অপরাজিত থাকা অশ্বিন অবশ্য ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ‘অলরাউন্ডার’ হয়ে ওঠার পথে আরেকধাপ এগোলেন। শিলিংফোর্ডের শিকারে পরিণত হওয়ার আগে করেছেন ১২৪ রান।

রোহিত আর অশ্বিন আউট হওয়ার পর অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি ভারত। ১৭ রানে পড়েছে ভারতের শেষ চার উইকেট। এর মধ্যে ৯ রানের মধ্যেই ভারত হারিয়েছে শেষ তিনজনকে। ভারতকে ঘূর্ণি দিয়ে কাঁপিয়ে দেওয়া শিলিংফোর্ড শেষ পর্যন্ত ১৭৬ রানে নিয়েছেন ৬ উইকেট।